মেক্সিকোর শীর্ষ মাদক ব্যবসায়ী হোয়াকুইন গুজমানের ছেলে ওভিদিও গুজমানকে গ্রেপ্তার অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২৯ জন। নিহতদের মধ্যে সেনাসদস্যের সংখ্যা ১০ জন, বাকিরা সবাই গুজমান গ্যাংয়ের সদস্য ও অনুসারী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও স্যান্দোভাল গত শুক্রবার রাজধানী মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। মেক্সিকোর অপরাধজগৎ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ৬৫ বছর বয়সী হোয়াকুইন গুজমান ‘এল চ্যাপো’ নামে পরিচিত, যার বাংলা অর্থ ‘পিচ্চি’ বা ‘ছোট’। অপরাধজগতে তার ছেলে ওভিদিও গুজমান ‘এল র্যাটন’ বা ‘ইঁদুর’ নামে পরিচিত।
মেক্সিকোর সেনাবাহিনীর একটি বিশেষ দল গত বৃহস্পতিবার ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সিনালোয়ার রাজধানী কুলিয়াকান থেকে ওভিদিওকে গ্রেপ্তার করে রাজধানীর মেক্সিকো সিটিতে নিয়ে আসে। তবে এই অভিযান মোটেও সহজ ছিল না। গুজমান গ্যাংয়ের সিনালোয়া শাখার সদস্যরা ওভিদিওকে ছিনিয়ে আনতে সরকারি বাহিনীর সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছে। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, ‘সামরিক বাহিনীর ১০ জন সদস্য (সিনালোয়ায়) তাদের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। এ ছাড়া নিহতদের বাকি ১৯ জন গুজমান গ্যাংয়ের সদস্য।’
২০১৬ সালে আটক করে এল চ্যাপোকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে কারাগারে পাঠায় মেক্সিকো সরকার। বাবা গ্রেপ্তার হওয়ার পর থেকে তার ছেলে ওভিদিও মাদক কারবারের দেখাশোনা করতেন। তার অধীনে সিনালোয়াতে অন্তত এক ডজন ল্যাব পরিচালনা করত গুজমান গ্যাং। এসব ল্যাবে মারাত্মক মাদক ফেন্টানাইলসহ বিভিন্ন মাদক প্রস্তুত করা হতো। মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘ওয়ান্টেড’ তালিকায়ও আছেন ওভিদিও। তবে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক বার্তায় জানিয়েছেন, কারাবন্দি হিসেবে ওভিদিওকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।