১৬ জানুয়ারি এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ জানুয়ারি, যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে কোম্পানির শেয়ারটির কাট-অব প্রাইস নির্ধারিত হয় ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০ শতাংশ ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম, সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা দরে কিনতে পারবেন।

এর আগে গত ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে একটানা ১৩ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত কোম্পানিটির বিডিং অনুষ্ঠিত হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানিটিকে গত ৩১ আগস্ট বিডিংয়ের অনুমতি প্রদান করে। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে। উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা। পাঁচ বছরের ভারিত গড় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে এসইসির দেওয়া শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।