তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক গত ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। সেই গভীর সম্পর্ক আমাদের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত বাংলাদেশ সফরে আসা ভারতের সিনিয়র সাংবাদিকদের সঙ্গেমতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা দুই দেশের নাগরিক বটে। কিন্তু আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় আমরা বেড়ে উঠি। কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি। কাঁটাতারের বেড়া আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, ভাষা, সবশেষে আমাদের ভালোবাসাকে বিভক্ত করতে পারেনি।’
ভারতের সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়, মানুষের আত্মিক খোরাক জোগায়, অনউন্মোচিত বিষয়কে উন্মোচিত করে। সমাজ ও রাষ্ট্রকে সঠিকপথে প্রবাহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা ভূমিকা রাখেন। এখান থেকে গিয়ে যখন আপনারা কলম ধরবেন কিংবা টেলিভিশনে রিপোর্টিং হবে, তখন দুই দেশের সম্পর্ক আরও গভীরতর হবে। আমাদের দেশের বদলে যাওয়ার গল্পটা ভারতবাসী জানবে, বিশ্ববাসী জানবে।’
প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। আরও বক্তব্য রাখেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, বিএফইউজে (বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) সহসভাপতি শহীদ উল আলম, কলকাতা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, আমার আসামের এডিটর ইন চিফ মনোজ কুমার গোস্বামী।
এর আগে তথ্যমন্ত্রী ভারতের সাংবাদিকদের নিয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন।
রাঙ্গুনিয়ায় ১৮ উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় ৩৩ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়ক ও গার্ডার ব্রিজসহ ১৮টি উন্নয়ন প্রকল্পের নামফলক উন্মোচন করেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চত্বরে এসব ফলক উন্মোচন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় এসব প্রকল্প বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা আতাউল গণি ওসমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নামফলক উন্মোচন করা হয়।