রণবীর-আলিয়ার অনুরোধ

বলিউডের তুমুল জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট গত বছরের ৬ নভেম্বর কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। এর কিছুদিন পরই মেয়ের নাম জানালেও এখনো মেয়ের ছবি প্রকাশ করেননি তারা। মেয়ে রাহার প্রতি অত্যন্ত যত্নশীল এই তারকা দম্পতি। কয়েক দিন আগে মেয়েকে নিয়ে শহরের রাস্তায় হাঁটতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন তারা। তবে শনিবার পাপারাজ্জিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে মেয়ে রাহার ছবি না তোলার অনুরোধ জানালেন রণবীর-আলিয়া। ই-টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে রণবীর বলেছেন, অন্তত কয়েক বছর তারা রাহার সম্পর্কে খুব সুরক্ষামূলক থাকতে চায়। রাহা যখন বড় হবে এবং সে সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন এটা হয়তো তার পছন্দ হবে, কিন্তু বাবা-মা হিসেবে তারা আপাতত যতটা সম্ভব প্রতিরক্ষামূলক হতে চায়। রণবীরের সঙ্গে আলিয়া যোগ করেন, তারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যে পাপারাজ্জিরা শুধু তাদের কাজ করছেন, কিন্তু এ মুহূর্তে রাহা ছোট্ট মেয়ে, যে সবেমাত্র তার বাবা-মায়ের মুখ দেখতে ও চিনতে শুরু করেছে, তাই সে খ্যাতি ও সেলিব্রিটি জীবন সম্পর্কেও জানে না। তাই তারা চান না মেয়ের ছবি এ মুহূর্তে ক্লিক করা হোক। আলিয়া আরও যোগ করেন, রণবীর এবং তিনি নার্ভাস বাবা-মা। যেহেতু প্রথমবার তারা বাবা-মা হয়েছেন তাই তারা অতিরিক্ত সতর্ক থাকতে চান।

এই দম্পতি পাপারাজ্জিদের আরও আশ্বস্ত করেন যে, তারা সব সময় তাদের জন্য পোজ দেবেন এবং কখনোই ছবির জন্য না বলবেন না, তবে তারা রাহার ছবি ক্লিক না করলে খুবই ভালো হয়। আলিয়া পাপারাজ্জিদের পরামর্শ দেন, যদি রাহার ছবি ক্লিক করতে হয়, তবে তাদের উচিত তার মুখ হার্ট ইমোজি বা অন্য কোনো গ্রাফিক দিয়ে লুকিয়ে রাখা। রণবীর-আলিয়ার অনুরোধ মেনে নিয়েছেন পাপারাজ্জিরা এবং অব দ্য রেকর্ড পাপারাজ্জিদের রাহার ছবি দেখিয়েছিলেন এই তারকা দম্পতি। আলিয়া পাপারাজ্জিদের বলেন, তারাই প্রথম রাহার ছবি দেখলেন।