পঞ্চগড়ে দুই দিন ধরে বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সপ্তাহজুড়ে ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। যা দেশ ও চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। গতকাল সোমবার এ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল (৯ জানুয়ারি) সকালের পর থেকে সূর্যের দেখা মেলায় কিছুটা হলেও স্বস্তি পায় ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কিন্তু বিকেলের পর থেকেই বাড়ে শীতের তীব্রতা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে এবং চলতি শীত মৌসুমের মধ্যেও সর্বনিম্ন। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।