কভিডের পর থেকে অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে আসছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। তবে কোম্পানিগুলোর এজিএম ও ইজিএমে সশরীরে উপস্থিত থাকতে চান বিনিয়োগকারীরা। এজন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন জানিয়েছেন বিনিয়োগকারীরা।
সম্প্রতি এ সংক্রান্ত একটি আবেদন বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে পাঠানো হয়েছে।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ২০২০ সালের ৮ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তালিকাভুক্ত কোম্পানির এজিএম ও ইজিএমসহ যেকোনো ধরনের সভা অনলাইন প্ল্যাটফর্মে করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার আলোকে এখন পর্যন্ত কোম্পানিগুলো তাদের এজিএম ও ইজিএম অনলাইনে আয়োজন করছে। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাধারণ বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে কোম্পানিগুলোর এজিএম ও ইজিএম সশরীরে আয়োজন করার জন্য বিএসইসির কাছে আবেদন জানানো হয়েছে। বিনিয়োগকারীদের আবেদনে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রমণ রোধে বিএসইসি ২০২০ সালের ৮ জুলাই এজিএম ও ইজিএম সভাসহ যেকোনো ধরনের বৈঠক অনলাইন প্ল্যাটফর্মে আয়োজনের পরামর্শ দিয়েছিল। বর্তমানে করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ফলে, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস-আদালত স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশনা দিয়েছে। হাটবাজার, রাস্তাঘাট, এমনকি রাজনৈতিক দলের মিছিল-মিটিংও আগের মতো স্বাভাবিকভাবে চলছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সাধারণ বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভা, বার্ষিক সাধারণ সভাসহ সব ধরনের সভা অনলাইন প্ল্যাটফর্মের পরিবর্তে সশরীরে আয়োজনের নির্দেশনা দেওয়ার জন্য আবেদন জানানো হলো।