গাড়ির রেজিস্ট্রেশন ফি যৌক্তিকীকরণ, আমদানিকৃত গাড়িগুলোর ‘দ্বৈত রেজিস্ট্রেশন’ প্রথা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। একইসঙ্গে স্বাস্থ্যকর রাজধানীর জন্য ১৫-২০ বছরের পুরনো আনফিট গাড়ি ক্রমান্বয়ে বাতিলের দাবিও জানায় তারা।
বারভিডা প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠককালে এসব দাবি জানান।
সম্প্রতি এক প্রজ্ঞাপন বলে, কার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোয় তা ক্রেতাদের ওপর বোঝা হয়ে দাঁড়াবে বলে মনে করে বারভিডা নেতৃবৃন্দ। তাই এসব ফি যৌক্তিকীকরণের দাবি জানিয়েছে তারা। এছাড়াও আমদানিকৃত রিকন্ডিশন্ড গাড়িগুলো দেশে আমদানির পর একবার আমদানিকারকের নামে এবং পরবর্তী সময়ে ক্রেতার নামে অর্থাৎ দুবার (দ্বৈত) রেজিস্ট্রেশনের অযৌক্তিক প্রথাটি বিলুপ্তকরণের দাবি জানিয়েছেন। বৈঠকে বারভিডা নেতারা রাজধানীর সার্বিক পরিবেশ উন্নয়নে রাজপথ থেকে ১৫-২০ বছরের পুরনো আনফিট গাড়ি ক্রমান্বয়ে ফেজ আউট করার অনুরোধ জানান। এছাড়াও তারা বিআরটিএ’র গাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বারভিডাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
বারভিডা প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ মো. আসলাম সেরনিয়াবাত, ভাইস প্রেসিডেন্ট-২ রিয়াজ রহমান, ট্রেজারার মোহাম্মদ আনিছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), আবু হোসেন ভূইয়া রানু ও পুনম শারমিন ঝিলমিল এবং সাধারণ সদস্য মো. আকতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।