শ্রমিক নিহতের গুজবে গাজীপুরে বাসে আগুন

সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে অন্তত ৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত। গতকাল রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সাতক্ষীরা ও গাজীপুরে এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরে কেউ মারা না গেলেও সেখানে পোশাকশ্রমিক নিহত গুজব তুলে তিনটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। একই সঙ্গে আরও কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। অবরোধ করা হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

গাজীপর প্রতিনিধি জানান, মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাসচাপায় তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিক ও বিক্ষুব্ধ লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে উত্তেজিতরা বিক্ষিপ্তভাবে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা মালেকের বাড়ি এলাকায় নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অনাবিল পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস ওই তিনজনকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনটি গাড়ির আগুন নেভায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

রাজশাহী থেকে দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক জানান, নগরীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। গতকাল বিকেলে রাজশাহীর পবা উপজেলার ডাংগেরহাট মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব (২৬)। আরএমপির কর্নহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই বাসের অন্তত ৩২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের দোয়ালীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাটের মেসকা গ্রামের মৃত কাসেম আলীর ছেলে শাহাবুল ইসলাম ওরফে শিমুল (১৫), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০) ও পার্বতীপুর উপজেলার সোনাপুকুর বানিয়াপাড়া এলাকার মুসলিম (৩৮)।

এসব দুর্ঘটনা ছাড়াও গতকাল টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুল জলিল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টায় উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল ঢাকার মিরপুরের আজবার আলীর ছেলে। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফকির আহম্মদ শাহ (৫৯) নামে এক কলেজশিক্ষক। মঙ্গলবার বিকেলে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় এ শিক্ষকের মৃত্যু হয়। এ ছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম ট্রাক উল্টে গিয়ে অপু মিয়া (১৯) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকের সহকারী ছিলেন। গতকাল সকালে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বালুমহালে ঘটনাটি ঘটে। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী গ্রামে।