মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের নতুন এমডি ও সিইও

মোহাম্মদ আলী পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচালনা পর্ষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলী ২০০৮ সালে মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার পদে পূবালী ব্যাংকে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হন। তিনি পূবালী ব্যাংকের ক্রেডিট কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন সময়ে ক্যামেলকোর চিফ রিস্ক অফিসারের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিভিন্ন বিভাগের নেতৃত্ব দেন। তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জনসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ (মার্কেটিং) এবং এইউএসটি থেকে এমবিএ (ফিন্যান্স) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।