ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক শিক্ষর্থী নিহত হয়েছেন। নিহত সাঈদ আবদুল্লাহ (২০) বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এছাড়া  টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন অটোরিকশাযাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। 

সাঈদ আবদুল্লাহর বানি বাড়ি কক্সবাজার জেলায়। পুলিশ বলছে, ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন আবদুল্লাহ। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহপাঠীরা মরদেহ উদ্ধার করে বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে নিয়ে যান। পরে সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান। তিনি জানান, তেজগাঁও রেলগেটে মোবাইল ফোনে কথা বলতে বলতে পার হচ্ছিলেন আবদুল্লাহ। এ সময় দুদিক থেকে দুটি ট্রেন চলে আসে। তখন ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাঈদ আবদুল্লাহ নও মুসলিম বলে জানা গেছে।

সহপাঠীরা জানান, আবদুল্লাহ সকালে কলেজ হোস্টেল থেকে বের হন কাকরাইল মসজিদে যাওয়ার জন্য। পথে দুর্ঘটনার শিকার হন।

টাঙ্গাইলে শিশুসহ নিহত তিন : টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ তিন অটোরিকশাযাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি রেললাইনের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঢেঁপাকান্দী এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫), একই গ্রামের সংগ্রাম আলীর দেড় বছরের মেয়ে জান্নাতি। নিহত অপর নারীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুজনের মরদেহ ভূঞাপুর থানায় এবং অপরজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনগামী একটি ট্রেন ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। অটোরিকশাটি ভূঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাচ্ছিল। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।