ব্রাজিলে কংগ্রেস ভবনসহ রাষ্ট্রীয় স্থাপনার উগ্র ডানপন্থি জইর বলসোনারো সমর্থকদের হামলায় বড় দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদের একজন বলসোনারোর সরকারে মন্ত্রীর দায়িত্বে থাকা অ্যান্ডারসন টরেস, যিনি ব্রাসিলিয়ার জননিরাপত্তা প্রধান। তার বিরুদ্ধে তাণ্ডব ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস। এর আগে, টরেসকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। হামলার ঘটনার দিন তিনি ব্রাসিলিয়ায় ছিলেন না। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর মতো তিনিও ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গত মঙ্গলবার এক টুইটার বার্তায় বলসোনারো সরকারের সাবেক বিচারমন্ত্রী জানান, তিনি অরল্যান্ডো থেকে ব্রাজিলে ফিরে আসবেন, আপাতত তিনি তার পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। এদিকে বিচারপতি মোরেস ব্রাসিলিয়ার মিলিটারি পুলিশের প্রধান ফ্যাবিও অগাস্টো ভিয়েরাকেও গ্রেপ্তার করতে বলেছেন। ফ্যাবিও ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর সুরক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের একজন। এই দুজনের বিরুদ্ধে অভিযোগের বিশদ বিবরণ এখনো স্পষ্ট হয়নি। তবে গ্রেপ্তারি পরোয়ানায়, মোরেস তাদের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন।