হবিগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কারাগারে

ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে হবিগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের স্পেশাল জজ (জেলা জজ) হাসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের করা মামলায় এতে অন্য চার আসামি হলেন লাখাই উপজেলার বামই ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মামুন, সাবেক উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিআইও অফিসের সাবেক  সহকারী হাবিবুর রহমান ও অফিস সহায়ক গোলাম কিবরিয়া।

গত বছর ১৯ জানুয়ারি দেশ রূপান্তরে ‘হবিগঞ্জে কাবিখা-কাবিটা প্রকল্পে হরিলুট’ শিরোনামে একটি সংবাদ বের হয়। সংবাদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান ও প্রকল্প চেয়ারম্যানদের বিরুদ্ধে অর্ধেক বা আংশিক কাজ করে পুরো টাকা নেওয়ার অভিযোগ তুলে ধরা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, মোহাম্মদ জাহান লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ২০১৭-১৮ এবং ২০১৬-১৭ অর্থবছরে কয়েকটি প্রকল্পে ওই পাঁচজনের যোগসাজশে বিপুল টাকা আত্মসাৎ করেন।