চুলায় দুধ উপচে পড়বে না এই কৌশলগুলো জানলে

চুলায় দুধ গরম করতে দেওয়া হয়েছে আর দুধ উপচে পড়েনি- এমন বাড়ি খুঁজে পাওয়া কঠিন। কোথাও কোথাও তো নববধূকে বলা হয়, দুধ গরম করতে। যাতে দুধ উপচে পড়ে। সংস্কার থাকুক বা না থাকুক, নজরদারি একটু শিথিল হলেই উপচে পড়ে যেতে পারে দুধ। দুধের অপচয় তো বটেই, এতে দুধের পাত্র ও চুলাও ময়লা হয়ে যায়। কিন্তু যদি দুধ গরম করার সময় সর্বক্ষণ সামনে দাঁড়িয়ে থাকার উপায় না থাকে, তবে কয়েকটি কৌশল প্রয়োগ করে দেখতে পারেন, যাতে দুধ উপচে না পড়ে।

১. দুধ গরম করার সময় পাত্রের ওপর আড়াআড়িভাবে একটি হাতা বসিয়ে দিন। দুধ ফুটে উঠলেও উপচে পড়বে না। কাঠের হাতা হলে সবচেয়ে ভালো।

২. দু'বার করে দুধ ফোটান। প্রথমে কিছুটা পানি মিশিয়ে। একটু ফুটে এলে ৫ মিনিট চুলো বন্ধ করে রাখুন। মিনিট পাঁচেক পর আবার দুধের পাত্র চুলায় বসিয়ে ফুটিয়ে নিন।

৩. যে পাত্রে দুধ জ্বাল দেবেন, সেই পাত্রে দুধ রাখার আগে তার ওপরের দিকে চারপাশে ভালো করে ঘি কিংবা মাখন মাখিয়ে নিন। তার পর দুধ রাখুন। দুধ যখন গরম করবেন, তখন ঘিয়ের কারণে উপচে পড়বে না দুধ।

৪. গরম করার আগে দুধে সামান্য পানি মেশান। তার পর অল্প আঁচে দুধ গরম করতে দিন। এর ফলে দুধ যখন ফুটবে, তখন ওই মেশানো পানিই বাষ্প হয়ে যাবে। ফলে দুধ উপচে পড়বে না।