বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। গতকাল শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫১ নিয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে উঠে আসে ঢাকা। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং জানুয়ারির শুরু থেকে একাধিকবার এ তালিকার শীর্ষে উঠে আসে ঢাকা।
একিউআইয়ের তথ্য অনুযায়ী, গতকাল সকালে ভারতের দিল্লি, উজবেকিস্তানের তাসখন্দ এবং ভারতের মুম্বাই যথাক্রমে ২২৩, ১৬৬ এবং ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। একইভাবে এ সূচক ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে-সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে বস্তুকণা (পিএম ১০ ও পিএম২ দশমিক ৫), এনও২, সিও, এসও২ ও ওজন (৩৩)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।