যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার বিরুদ্ধে পৌর শহরের কাচারীপাড়া এলাকায় জমিসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা নেয়নি পুলিশ বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

গতকাল শনিবার ভোরে পৌর শহরের কাচারিপাড়া এলাকায় আবু সাঈদের জমিসহ বাড়ি দখলের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফারহানা সোমা জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান।

আবু সাঈদের মেয়ে শারমিন সুলতানা ছন্দা অভিযোগ করে বলেন, ‘আমার বাবা বিশ্ব ইজতেমায় গেছেন। হঠাৎ করে ভোরে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে বাসার দেয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করেন জেলা যুব মহিলা লীগ নেত্রী ফারহানা সোমা। এ সময় তারা আমার মাকে মারধর করেছে। খবর পেয়ে আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গেলে আমাকেও মারধর করে। একপর্যায়ে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। এ নিয়ে সদর থানায় অভিযোগ করতে গেলেও অভিযুক্ত ওই নেত্রী ফারহানা সোমার বিরুদ্ধে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও ক্ষমতার দাপটে সোমাকে বাড়ি থেকে বের করতে পারেনি। এ নিয়ে আমরা ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছি।’

এ প্রসঙ্গে কথা বলতে জেলা যুব মহিলা লীগ সভাপতি ফারহানা সোমার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দিয়েছেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, পুলিশের বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।