তথ্যমন্ত্রী বললেন

অর্থনীতিতে ভূমিকা রাখছে গার্মেন্টস শিল্প

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিকূল বিশ্বেও দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে গার্মেন্টস ও এক্সেসরিজ শিল্প। তিনি বলেন, ‘বিশ্বমন্দার ভেতরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির চাকা সচল রেখে দেশকে এগিয়ে নিতে গার্মেন্টস ও এক্সেসরিজ শিল্প বিশাল ভূমিকা রেখেছে এবং রাখছে।’

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) এক্সপোর্ট ট্রফি ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় দেশের মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল ৫ থেকে ৬ শতাংশ। সেটি এখন প্রায় ৩৫ শতাংশ। এখানেও তৈরি পোশাক ও সহযোগী শিল্পের বড় ভূমিকা রয়েছে। ড. হাছান বলেন, করোনার সময় সমগ্র পৃথিবী যখন থমকে ছিল তখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনা ও কার্যকর প্রণোদনা প্যাকেজের কারণে দেশের অর্থনীতির চাকা সচল ছিল। সে সময়ে আমরা মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়ে গেছি। ১৪ বছর আগে বাংলাদেশ ছিল বিশ্বের ৬০তম জিডিপির দেশ, আজ আমরা ৩৫তম জিডিপির দেশ। আর পারচেজিং পাওয়ার প্যারিটিতে বিশ্বের ৩১তম দেশ।

এ সময় অত্যাধুনিক এই যুগে জাতির আত্মিক উন্নয়নে ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক ও ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত মানবিক রাষ্ট্র গঠন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন নতুন উদ্যোগ নিতে হবে।

বিজিএপিএমইএ আয়োজিত ১১ থেকে ১৪ জানুয়ারি চার দিনের আন্তর্জাতিক মেলা ‘গ্যাপেক্সপোর’ সমাপনী দিনে এ ট্রফি প্রদান অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি সভাপতিত্ব করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান এবং বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম মান্নান কচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।