পঞ্চগড়ে জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগে ঘুষ গ্রহণ ও জালিয়াতির মামলায় সাইফুল ইসলাম দুলাল নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ম-লের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাইফুল ইসলাম দুলাল পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত বছরের ২৯ নভেম্বর পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া বাদী হয়ে এই ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন মোছা. ইয়াসমিন, মৌসুমী আক্তার, এএইচআর মাসুদ রয়েল ও সাইদুর রহমান। তারা জামিনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আবদুল হান্নান।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর পঞ্চগড়ে পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ওই পরীক্ষায় ইয়াসমিন ও মৌসুমী উত্তীর্ণ হন। নিয়ম অনুযায়ী তারা ২৮ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন। একপর্যায়ে তাদের লিখতে দেওয়া হয়। কিন্তু লিখিত পরীক্ষার উত্তরপত্রের লেখার সঙ্গে তাদের লেখার মিল না থাকায় নিয়োগ বোর্ডের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন তাদের হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষা দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়, ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তার ভাই সাইদুর রহমান এবং স্বামী এ এইচ আর মাসুদ রয়েল তাকে লিখিত পরীক্ষায় প্রক্সির মাধ্যমে পাস করাতে সহায়তা করেছেন। পরে ভাইভা বোর্ড কৌশলে সাইদুর এবং মাসুদ রয়েলকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান, ইয়াসমিনের চাকরির জন্য ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয়।