৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর’বনি গ্যাব্রিয়েল। পেশায় মূলত ফ্যাশন ডিজাইনার হলেও করেন মডেলিংও। পরিবেশবান্ধব তন্তুর ব্যবহার বাড়িয়ে পোশাক তৈরি ও বিপণনের একটা টেকসই মডেল দাঁড় করাতে চান ২৮ বছরের এ তরুণী। সে লক্ষ্যেই ১৩ বছর ধরে সুই-সুতার ফোঁড়ে নারীদের অনুপ্রেরণা দিয়ে এসেছেন আর’বনি। মাঝেমধ্যে মডেলিংও করেছেন। কারণ মডেলিংয়ের মাধ্যমে ছড়িয়ে দিতে চেয়েছেন এ খাতে কাজ করা মানুষের চেতনা ও সংগ্রামের পরিবর্তনের বার্তা। মানুষের জন্য সুন্দর স্বপ্ন দেখা তরুণী আর’বনি গ্যাব্রিয়েল এবার সুন্দরের মুকুট পরে দিলেন আরও আত্মবিশ্বাসী বার্তা।
স্থানীয় সময় গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে তাকে নতুন মিস ইউনিভার্স ঘোষণার পরই জানালেন, তার মতো যেসব নারী ও কিশোরী সুই-সুতার ফোঁড়ে অন্যদের সাজানোর কাজ করছেন, তাদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন। তাদের আত্মোপলব্ধিতে ভূমিকা রাখবেন।
আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এ সময় তুমুল করতালিতে নতুন মিস ইউনিভার্সকে অভিবাদন জানিয়েছেন হলভর্তি দর্শক ও প্রতিযোগীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করা আর’বনি একজন তন্তু বিশেষজ্ঞও।
জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ হিসেবে নির্বাচিত হন। আর এই আয়োজনের সবচেয়ে বেশি বয়সী হিসেবে জিতেছেন সেরার মুকুটও।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল। আর দ্বিতীয় রানার হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ। প্রতিযোগিতার সেরা ১৬ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাই। তবে ভারতের মুকুট ধরে রাখতে পারলেন না তিনি। ২১ বছর পর গত বছর মুকুট জিতেছিলেন ভারতের হারনাজ সান্ধু। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান। মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে।