এসইসির শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন

ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক পুঁজিবাজার গঠনের ক্ষেত্রে কমিশনকে যথাযথ পরামর্শ দিতে ৯ সদস্য বিশিষ্ট শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এই কাউন্সিল গঠন করা হয়েছে।

শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল ২০২২ -এর বিধি-৪ ও বিধি-৫ এ বর্ণিত শরিয়াহ স্কলার এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ সদস্যদের যোগ্যতার শর্ত বিবেচনায় নিয়ে নয় সদস্য বিশিষ্ট শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের বাধ্যবাধকতা রয়েছে। কমিশনের শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য হিসেবে পাঁচজন শরিয়াহ স্কলার ও চারজন এক্সপার্ট রাখার বাধ্যবাধকতা রয়েছে।

এই নীতির আলোকে কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। নির্বাচিত পাঁচ জন শরিয়াহ স্কলার সদস্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, মুফতি শহীদ রাহমানী, মুফতি ইউসুফ সুলতান, মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি) ও মাওলানা শাহ ওয়ালি উল্লাহ। অন্যদিকে চার জন এক্সপার্ট সদস্য হলেনÑ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট অধ্যাপক আবু তালেব, লিগ্যাল এক্সপার্ট এ কে এম নুরুল ফজল বুলবুল, অ্যাকাউন্টিং এক্সপার্ট অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া ও ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট মেজবাহ উদ্দিন আহমেদ।

নিয়ম অনুযায়ী, এসইসি কাউন্সিলের সদস্যদের মনোনীত করবে। আর কাউন্সিলের শরিয়াহ বেত্তাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। কাউন্সিলের চেয়ারম্যানসহ সদস্যদের মেয়াদ হবে তিন বছর। একজন সদস্য পর পর দুই মেয়াদের জন্য মনোনীত হতে পারবেন। তবে এসইসি চাইলে দুই মেয়াদের পর এক মেয়াদের বিরতি দিয়ে আবারও যেকোনো ব্যক্তিকে কাউন্সিলের সদস্য মনোনীত করতে পারবে।

শরিয়াহ কাউন্সিল গঠন করায় ইসলামি শরিয়াহভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিভিন্ন ধরনের ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে কমিশনকে পরামর্শ দেবে এই অ্যাডভাইজরি কাউন্সিল। যেমন শরিয়াহ সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামি শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন, কোনো সিকিউরিটিজ শরিয়াহসম্মত কি নাÑ এ সব বিষয়ে কমিশনের চাহিদা অনুযায়ী মতামত দেবে এই কাউন্সিল।

এর আগে গত বছরের ১৬ অক্টোবর এর গেজেট প্রকাশ হয়। গেজেটে প্রকাশিত বিধির নাম ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) রুলস-২০২২।