মুন্সীগঞ্জে রাস্তার কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

চাঁদা না পেয়ে রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে গতকাল সোমবার এক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দামলা গ্রামে ঢাকা-দোহার সড়কে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ফুলকুচি গ্রামে একটি রাস্তা নির্মাণে গত ১২ জানুয়ারি মাটি ভরাট কাজ শুরু করা হলে কোলাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুব শাহ সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং টাকা দাবি করেন। এ ব্যাপারে ইউপি সদস্য মাহবুব শাহ বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি কারও কাজে টাকা চাইনি। মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশই ইউপি নির্বাচনে আমার প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর লোকজন।