সংস্কারে টেকসই হবে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪৫০ কোটি ডলার ঋণের যে প্রস্তাব দিয়েছে তা আগামী ৩০ জানুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় অনুমোদিত হতে পারে। বাংলাদেশ সফররত আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ৯ নভেম্বর আইএমএফ বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে সম্মতি জানায়। তবে সেটি ছিল কর্মকর্তা পর্যায়ের ঐকমত্য। তখন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, সাত কিস্তিতে এই ঋণ দেবে তারা। প্রথম কিস্তির ঋণ দেওয়া হবে এ বছরের ফেব্রুয়ারিতে। আর সর্বশেষ কিস্তির ঋণ পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। আইএমএফের ঋণের সুদহার হবে বাজারদর অনুযায়ী, তাতে গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ।

গতকাল বিবৃতিতে আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ নির্বাহীদের সঙ্গে আলোচনায় আমরা কর রাজস্ব বাড়ানো এবং আরও দক্ষ আর্থিক খাত গড়ে তোলার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জসহ এই প্রোগ্রামের মূল কাজের ওপর নজর দিয়েছি। বেসরকারি বিনিয়োগ এবং রপ্তানি বহুমুখীকরণের সুবিধার্থে সংস্কারের কথা আলোচনা হয়েছে। এসব সংস্কার বাংলাদেশের অর্থনীতিকে আরও স্থিতিস্থাপক করে তুলতে এবং দীর্ঘমেয়াদি, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করবে।’

বাংলাদেশে জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনসংক্রান্ত দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছি, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। আইএমএফের লক্ষ্য বাংলাদেশের জলবায়ু বিনিয়োগের চাহিদাকে সমর্থন করার জন্য সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি সাহায্য করা।’

কয়েক দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা উল্লেখ করে বিবৃতিতে আইএমএফ ডিএমডি বলেন, তাক লাগানো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন, দারিদ্র্য নিরসনে স্থির অগ্রগতি এবং জীবনমানে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক নীতি মুদ্রাস্ফীতিকে স্থিতিশীল রাখতে, ঋণ-জিডিপি অনুপাত কমাতে এবং বাহ্যিক সংকটগুলো পর্যাপ্ত রাখতে সাহায্য করেছে।

তিনি বলেন, বিশ্বের অধিকাংশ দেশের মতো বাংলাদেশও এখন বৈশ্বিক ধাক্কার প্রভাব মোকাবিলা করছে। প্রথমে কভিড মহামারী, তারপরই ইউক্রেনে চলমান যুদ্ধের ফলে হওয়া সংকটটি তারাও মোকাবিলা করছে।

গতকাল আইএমএফ ডিএমডির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জ্যেষ্ঠ অর্থসচিব ফাতেমা ইয়াসমিন ও ঢাকায় আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বেলআউটের (পুনরুদ্ধার) জন্য আইএমএফের কাছ থেকে কোনো সহায়তা চায় না; বরং পূর্বপ্রস্তুতি হিসেবে আইএমএফের ঋণসহায়তা চাইছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইএমএফ প্রতিনিধির কাছে এক দশকে দেশে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কৃষি, ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিসহ বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে দেশের অগ্রগতির গতি কমে গেছে। এ অবস্থায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।’

উদ্ভূত পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তার জন্য সরকার সামাজিক সুরক্ষার জাল ও খাদ্য কর্মসূচি বাড়িয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া খাদ্য উৎপাদন বাড়াতে পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক পরিবর্তনের প্রশংসা করেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও। তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ।

আইএমএফ ডিএমডি অ্যান্তইনেত এম সায়েহের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে বৈশি^ক অর্থনীতির সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং এর পাশাপাশি বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংকট ইত্যাদির পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।