আদালত চত্বরে পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রামের আদালত চত্বরে পুলিশের গাড়ির (লেগুনা) চাপায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম আদালতের রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিন সকালে গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী। গতকাল পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

দেশ রূপান্তরের চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, চট্টগ্রাম আদালত চত্বরে নিহত যুবকের নাম হেলাল উদ্দিন। তিনি ওই আদালতের এক আইনজীবীর ভাই। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কোর্ট হিলের ঢালু সড়ক ধরে নামছিল পুলিশের একটি লেগুনা। রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হেঁটে যাওয়া এক যুবককে জোরে ধাক্কা দেয়। এ সময় ওই যুবক ভ্যানটির চাকায় আটকে যান। যুবকের দেহ চাকায় পেঁচিয়ে প্রায় অনেক দূর সামনের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।

সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নোবেল চাকমা দেশ রূপান্তরকে বলেন, বাকলিয়া থানার একটি গাড়ি আদালতে কোর্ট হাজতে আসামি নামিয়ে দিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটির ধাক্কায় একজন নিহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশিক বলেন, আদালত ভবন এলাকা থেকে আহত অবস্থায় মো. হেলাল উদ্দিন নামে একজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২), মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৯টার দিকে দুইটি মোটরসাইকেল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি চৌমাথা মোড়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে দুজন মোটরসাইকেল আরোহী আহত হন। পরে নিয়ন্ত্রণহীন বাসটি কয়েক গজ দূরে গিয়ে আরেকটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। সেটিও মহাসড়ক পার হচ্ছিল। এতে দুটি মোটরসাইকেলের মোট তিনজন আরোহী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা বলেন, লাশ থানায় আনা হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।