ফসলের ক্ষেত জুড়ে গাঢ় সবুজ লতায় ভরা তরমুজগাছ। ক্ষেতের কোনো গাছে ফুল ফুটেছে। আবার কোনো গাছে ধরেছে ফল। সেই ফল দেখেই বুকে স্বপ্ন বেঁধেছিলেন কৃষক জহির মুন্সি। ভেবেছিলেন লাভবান হবেন, দেনা শোধ করবেন। কিন্তু এক রাতেই যে তার সব স্বপ্ন ফিকে হয়ে যাবে তা কে জানত!
গভীর রাতে জহিরের ক্ষেতের প্রায় আড়াই হাজার তরমুজগাছ উপড়ে নষ্ট করে ফেলে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাদারবুনিয়া গ্রামে।
স্থানীয় তরমুজ চাষিরা জানান, এবার ৫০ কড়া (১৫০ শতাংশ) জমিতে তরমুজ আবাদ করেছিলেন জহির। এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক জহির মুন্সি (৫০) বলেন, ‘অনেক পরিশ্রম করে ক্ষেতটা করেছি। আমার সব স্বপ্ন মাটি হইয়া গেছে। আমার তো কারও সঙ্গে শত্রুতা নাই। সকালে (মঙ্গলবার) ক্ষেতে আইয়া দেহি ২৫০০-২৬০০ গাছ উপড়াইয়া হালাইছে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, ‘খুবই দুঃখজনক একটি ঘটনা। একজন কৃষকের পরিশ্রমের ক্ষেত এভাবে যারা নষ্ট করেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’