ম্যাজিস্ট্রেট সেজে অর্ধশত নারীকে ব্ল্যাকমেইল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ম্যাজিস্ট্রেট পরিচয়ে সখ্য গড়ে তোলেন একই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মো. রুবেল রানা (৩৫)। জুনায়েদ রুহানি রুবেল নামে খোলা তার ফেইসবুক আইডিতে ভুয়া সব তথ্য ও ছবি দিয়ে ওই ছাত্রীর বিশ্বস্ততাও অর্জন করেন। কিন্তু ওই ছাত্রী যখন জানতে পারেন রুবেল ভুয়া পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়েছেন, তখন যোগাযোগ বন্ধ করে দেন। এরপর রুবেল ওই ছাত্রীকে ভয় দেখানো থেকে শুরু করে আপত্তিকর ছবিসংবলিত পোস্টার করে সাঁটান ক্যাম্পাসে। দুর্বিষহ করে তোলে ওই ছাত্রীর জীবন।

আরেক ভুক্তভোগী ময়মনসিংহের ভালুকার মো. রুবেল খান। তার সঙ্গেও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সখ্য গড়েন প্রতারক রুবেল রানা। পরে রুবেল খানের স্ত্রীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের কথা বলে প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক রুবেল রানা। এ ঘটনায় ঢাকার পল্লবী থানায় মামলা করেন রুবেল খান। একইভাবে চাকরি দেওয়ার নাম করে ময়মনসিংহের আশরাফুলের কাছ থেকে ২ লাখ এবং নুরুল আমিনের কাছ থেকে ৬০ হাজার টাকাসহ অসংখ্য ব্যক্তির কাছ থেকে রুবেল রানা টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে ১১ জানুয়ারি রাজধানীর ধানমণ্ডি থানা এলাকা থেকে রুবেল রানা ওরফে জুনায়েদ রুহানী ওরফে রুহানী রুবেলকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

ডিবির তদন্তে উঠে এসেছে এই রুবেলের নানা অপকর্মের তথ্য। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রতারক রুবেল নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো মন্ত্রী-এমপির পিএস আবার কখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তার টার্গেটে ছিল বিশ্ববিদ্যালয়পড়–য়া নারী শিক্ষার্থীরাও। রুবেলের খপ্পরে পড়ে প্রায় অর্ধশত নারী প্রতারণার শিকার হয়েছেন। যাদের বেশির ভাগই সামাজিকভাবে মর্যাদাহানির ভয়ে থানায় অভিযোগ করেননি। তবে রুবেলকে গ্রেপ্তারের পর অসংখ্য ভুক্তভোগী ডিবির কাছে অভিযোগ করছেন।

এ প্রসঙ্গে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘এ ধরনের প্রতারকের বিষয়ে সবাইকে সাবধান থাকতে হবে। ফেইসবুকে পরিচিত ব্যক্তি ছাড়া বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করা, চাকরি দেওয়ার নামে প্রলোভনে না পড়া ও অর্থ লেনদেন না করার বিষয়ে আমরা সব সময় সতর্ক করি। এরপরও মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আমরা অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।’

প্রতারক রুবেলের যন্ত্রণা থেকে বাঁচতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ৬ জানুয়ারি ডিএমপির তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটির এজাহারে উল্লেখ করা হয়, নরসিংদীর রায়পুরা থানার শ্রীরামপুর রেলগেট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রুবেল রানার সঙ্গে ২০২০ সালের প্রথম দিকে পরিচয় হয় ওই ছাত্রীর। রুবেল নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন। এর পর থেকে রুবেলের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং ফেইসবুকের মেসেঞ্জারে বিভিন্ন সময়ে আলাপ হতে থাকে। এ সময় ছাত্রীর বিভিন্ন ছবি সংরক্ষণ করে রাখেন রুবেল। ২০২১ সালে রুবেলের ভুয়া পরিচয় সম্পর্কে জানতে পেরে ওই ছাত্রী সম্পর্ক থেকে সরে আসেন। কিন্তু রুবেল তখন আগ্রাসী ও আক্রমণাত্মক হয়ে ওঠেন। কারসাজির মাধ্যমে ওই ছাত্রীর ফেইসবুক আইডির নিয়ন্ত্রণ নিয়ে নেন। এ ছাড়া গত বছরের ২ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোর দেয়াল ও আশপাশে পোস্টার সাঁটান। যাতে ওই ছাত্রীর ব্যক্তিগত ছবি এবং অন্য আরেকটি সম্পাদনা করা ছবিসহ ‘চিনে রাখুন ডিভোর্সি, বহুরূপী, মিষ্টভাষী প্রতারক..., চোখ রাখুন, ফেইসবুক, ইউটিউবে’ এমন আপত্তিকর কথা লেখে। রুবেল ওই ছাত্রীর বাড়ির ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানার ভুয়া কাগজ পাঠান বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মো. রুবেল খানের করা মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালে ফেইসবুকের ম্যাসেঞ্জারে আলাপের মাধ্যমে রুবেল রানার সঙ্গে পরিচয় হয় তার। পরে স্ত্রীর চাকরির জন্য দেওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা ফেরত চাইলে প্রতারক রুবেল রানা ফোন নম্বর বদলে ফেলেন। এরপর মেসেঞ্জারে রুবেল রানা জানান, টাকা ফেরত চাইলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দিয়ে তুলে এনে শায়েস্তা করবেন।

প্রতারক রুবেল রানার ‘জুনায়েদ রুহানী রুবেল’ নামের ফেইসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে ফেইসবুকে আপলোড করেছেন। পোশাকে ম্যাজিস্ট্রেটদের মনোগ্রাম লাগিয়ে বঙ্গবন্ধুর ছবি টানানো অফিসে বসে ছবি তুলে সেই ছবিও ফেইসবুকে আপলোড করেছেন। তার চাকচিক্য দেখে বোঝার উপায় নেই তিনি ভুয়া ম্যাজিস্ট্রেট।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের প্রধান অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল হক বলেন, ‘রুবলের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা এলাকায়। তিনি আপাদমস্তক প্রতারক। তার এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এত দিন আত্মগোপনে ছিলেন। বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে থাকেন। নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া কখনো কখনো নিজেকে বিভিন্ন মন্ত্রী-এমপির পিএস হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।’

এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘নিজেকে উচ্চপদস্থ রাজনৈতিক নেতা হিসেবে উপস্থাপন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে করোনাকালে ৫০ হাজার টাকা করে অনুদান নিয়েছেন রুবেল রানা। এভাবে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন  তিনি।’