থাইল্যান্ডের হলে অ্যাভাটার ২ দেখেছি

শোবিজ তারকারা সারা বছর দর্শকদের বিনোদনের জন্য কাজ করেন। কিন্তু তারা কীসে বিনোদিত হন? তা জানাতেই এই আয়োজন

মামনুন ইমন, চিত্রনায়ক

ঘুরতে খুব ভালো লাগে। প্রতি বছরই চেষ্টা করি দেশ ও দেশের বাইরে ঘুরতে যেতে। গত ডিসেম্বরে পুরো পরিবার নিয়ে থাইল্যান্ড অবকাশে গিয়েছিলাম। টানা ১৫ দিন ছিলাম। এত লম্বা সময় বের করা কঠিন, কিন্তু আমরা পরিকল্পনা করেই অবকাশে গিয়েছি। যদিও এরই মধ্যে কয়েকটা কাজ হাতছাড়াও হয়েছে (হাহাহা)। কিন্তু ওসব ভাবলে তো আর চলে না। পরিবারই তো সবার আগে, নিজের শিল্পমনের খোরাকের জন্য তো বটেই, পরিবারের জন্যও কিন্তু আমরা এত পরিশ্রম করি। সবার মুখে হাসি ফোটাতে এ ধরনের ছাড় দিতেই হয়। এ ছাড়া গান শুনতে আমি খুব পছন্দ করি। বলতে পারেন কাজের বাইরে সারাক্ষণ গান শুনতে থাকি। গানের ক্ষেত্রে আমার ধরাবাঁধা কোনো চয়েস নেই। এ সময়ের শিল্পীদের ইংরেজি, বাংলা, হিন্দি গান যেমন শুনি, তেমনি আমার বাবার সঙ্গে ছোটবেলায় বসে যে পুরনো দিনের বাংলা গান শুনতাম, সেগুলোও শুনি। কী গান শুনব বা নির্ভর করে ওই সময়ের মুডের ওপর। নারী শিল্পী বা পুরুষ শিল্পী বিচার করেও আমার গান শোনা হয় না। গানটি মনে ধরলেই হলো। আর অভিনেতা হিসেবে সিনেমা দেখা তো কাজেরই অংশ। সম্প্রতি থাইল্যান্ড থেকেই অ্যাভাটার ২ দেখেছি। সেখানকার সিনেমা হলগুলো অত্যাধুনিক। সেই পরিবেশে অ্যাভাটারের মতো অন্য দুনিয়ার গল্প দেখার মজাটাই আলাদা। আমার পুরো পরিবার ছবিটি খুব উপভোগ করেছে।

কথা বলেছেন মাসিদ রণ, ছবি : শেখ সাদী