পণ্য বা সেবা কিনবেন এখন আর নগদ টাকার দরকার হবে না। শুধু একটা ব্যাংকের অ্যাপ থাকলেই চলবে। অ্যাপে বাংলা কিউআর কোডের মাধ্যমে সব ব্যাংকের গ্রাহক পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। এ ছাড়া বিকাশ, এমক্যাশ, রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ দিয়েও পরিশোধ করা যাবে পণ্যের মূল্য। ব্যাংকের অ্যাপস বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপস দিয়ে পণ্য কেনাবেচায় উদ্বুদ্ধ করতেই এমন প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিল এলাকায় এ প্রচারণা শুরু হয়েছে।
জানা গেছে, বাংলা কিউআর কোডের মাধ্যমে মতিঝিল এলাকায় মুদি দোকান, মুচি, চা দোকান, হোটেল ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের কিউআর কোড সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবা বিল পরিশোধ করছেন গ্রাহক। প্রথম দিন ১ হাজার ২০০ মার্চেন্ট নিয়ে মতিঝিলে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগটির যাত্রা শুরু হয়েছে। পরে সারা বাংলাদেশে এই উদ্যোগটির প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, এতদিন একটি ব্যাংকের কিউআর কোডে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহক পেমেন্ট করতে পারত। এখন এক ব্যাংকের কিউআর কোড থাকলে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন। উদাহরণ হিসেবে তিনি জানান, ধরেন চা দোকানির ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে। ওই দোকানদার তো ইসলামী ব্যাংকের কিউআর কোড দেবেন। এখন আপনি চা বিস্কুট খেয়ে বিল দেবেন। কিন্তু আপনার অ্যাকাউন্ট ডাচ্-বাংলা ব্যাংকে। এখন ঈ করবেন? এটার সমাধান দেবে সর্বজনীন বাংলা কিউআর কোড। এখান থেকে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন।