শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, হুন্দাই ফ্যাক্টরির উদ্বোধন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জাতীয় অঙ্গীকার বাস্তবায়নের পথে এক সুদৃঢ় পদক্ষেপ। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু হাইটেক পার্কে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ফ্যাক্টরিটির উদ্বোধনকালে একথা বলেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, দ্রুত অগ্রসরমান বাংলাদেশের প্রতীক হয়ে এখন থেকে রাজপথে চলবে মেইড ইন বাংলাদেশ হুন্দাই এসইউভি।
বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বিশ্বখ্যাত মোটর ব্র্যান্ড হুন্দাইয়ের টাকসন, ক্রিটা, ওস্টেরিক্স, ভেরনা ও প্যালিসাডির সর্বশেষ মডেলের হুন্দাই গাড়ি তৈরি হচ্ছে। মোট ৭টি লাইনে গাড়িগুলো তৈরি করছেন বাংলাদেশের নবীন প্রকৌশলীরা। এরই মধ্যে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ১০০ গাড়ি।
কোরিয়ার বিশ্বখ্যাত অটোমোবাইল জায়ান্ট হুন্দাইয়ের সহযোগিতায় ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে গড়ে তুলেছে সর্বাধুনিক প্রযুক্তির এই অটোমোবাইল ফ্যাক্টরি।
ফেয়ার টেকনোলজি- হুন্দাই ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মি. লি জ্যাং-কিউন এবং হুন্দাই মোটর ইন্ডিয়া (এইচএমআই) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উনসো কিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় তিনি মেডইন বাংলাদেশ ব্র্যান্ডের ‘ক্রিটাসহ বিভিন্ন মডেলের’ গাড়ি উদ্বোধনের আগে ফ্যাক্টরিতে গাড়ি তৈরি কার্যক্রম ও দেশের তৈরি কারখানায় বিভিন্ন মডেলের গাড়ি পরিদর্শন করেন।
তিনি বলেন, বাংলাদেশে হুন্দাই গাড়ি তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে এটা দেশের অটোমোবাইল শিল্পের জন্য মাইলফলক হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর ও সিইও মুতাসসিম দায়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্যন্ত দ্রুত বিকাশমান অর্থনীতির এই দেশ আর ব্যবহৃত গাড়ির বাজার হয়ে থাকতে পারে না। প্রতিযোগিতামূলক মূল্যে বিশ্বমানের সম্পূর্ণ নতুন গাড়ি ব্যবহারের সুযোগ পাওয়া এ দেশের মানুষের অধিকার। সেই অধিকারের বাস্তবায়ন ঘটিয়ে ফেয়ার টেকনোলজির মেইড ইন বাংলাদেশ হুন্দাই গাড়ি তাই বাংলাদেশের মানুষের আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে।
‘স্টেপ ইনটু দ্য ফিউচার’- এই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে দুটি শিল্প প্লটের ওপর গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক ফেয়ার টেকনোলজি হুন্দাই ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে প্রারম্ভিক পর্যায়ে উৎপাদন করা হবে হুন্দাইয়ের বিশ্বজুড়ে জনপ্রিয় এসইউভি ব্রান্ড- ক্রেটা। হুন্দাইয়ের এই ফ্যাক্টরিতে আরও বেশ কিছু মডেলের গাড়ি উৎপাদন করা হবে বলে জানান ফেয়ার টেকনোলজি কর্তৃপক্ষ। এক হাজারের বেশি যন্ত্রাংশ এবং বিআইডব্লিউ অবস্থায় বডি আমদানি করে নিজস্ব পেইন্ট শপে একাধিক স্তরে রং করা এবং সংযোজনের মাধ্যমে তৈরি হচ্ছে প্রতিটি ক্রেটা এসইউভি।
উদ্যোক্তারা জানান, ফেয়ার টেকনোলজি-হুন্দাই ফ্যাক্টরি শুরুতে এক শিফটে চালু রাখলে বছরে তিন হাজার ক্রেটা এসইউভি উৎপাদন করা যাবে। ধারাবাহিকভাবে শিফট বাড়ানোর মধ্য দিয়ে তা দশ হাজার ইউনিটে উন্নীত করা সম্ভব।
ফেয়ার টেকনোলজির ডিরেক্টর ও সিইও মুতাসসিম দায়ান বলেন, বিশ্বসেরা হুন্দাই গাড়ি উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। অত্যন্ত প্রতিযোগিতামূলক দামে দেশের মানুষের কাছে আমরা এই গাড়ি পৌঁছে দেব। বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা এবং সুলভ মূল্যে সব ধরনের স্পেয়ার পার্টসের সহজলভ্যতা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।
হুন্দাই গাড়ির ক্রেতাদের সুবিধার্থে ফেয়ার টেকনোলজি এরই মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে গড়ে তুলেছে একাধিক সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস (থ্রি-এস) সেন্টার। ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট, বগুড়াসহ দেশের প্রধান নগরীগুলোতে আরও অনেকগুলো থ্রি-এস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ফেয়ার টেকনোলজি।