বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে ২২ জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন মাওলানা সাদপন্থির অনুসারীরা। রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
যাত্রীসাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে রবিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এবং আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেলে চলাচলের এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।