নৌকা ডুবে নিখোঁজের ৫ দিন পর নারীর লাশ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৫ দিন পর ভেসে উঠেছে নারীর লাশ। গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার ভাটিতে নদীর আদর্শবাজার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গত ১৬ জানুয়ারি সকালে দুধকুমার নদী পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী নালো বেগম (৪৯)।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবেদ আলী জানান, গত সোমবার বেলা সাড়ে ১১টায় মুড়িয়ার পূর্বঘাট থেকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি নৌকায় বাড়ি ফিরছিলেন নালো বেগম। কিছুদূর গিয়ে ডুবে যায় নৌকাটি। এর অন্য যাত্রীরা সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন নালো বেগম। স্থানীয়রা অনেক খোঁজ করেও তাকে পায়নি। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেন। গত মঙ্গলবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফিরে যায় ডুবুরি দল।