ছড়ার মাটি বেচে দেওয়ার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষারের ইয়াবন হাওরের প্রাকৃতিক ছড়া থেকে এস্কেভেটরের সাহায্যে মাটি কেটে ট্রাক্টর ও ট্রাকযোগে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, এক সপ্তাহ ধরে ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য সিরাজ খানের ভাই মিরাজ খান ছড়া থেকে ৩-৪ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন। এ অভিযোগে গত বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিভর্তি ট্রাক্টর প্রথমে আটক করলেও রহস্যজনক কারণে ছেড়ে দিয়ে কাজ বন্ধ করে চলে আসে।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, পতনউষারের ইয়াবন হাওরের বুক চিরে বয়ে গেছে প্রাকৃতিক বাঘজুড় ছড়া। ছড়ার ৩-৪ ফুট গভীরতায় কেটে নেওয়া হয়েছে মাটি। ট্রাক-ট্রাক্টর চলাচলের জন্য জমির ওপর দিয়ে রাস্তাও তৈরি করা হয়েছে। খননের ফলে কাটা পড়েছে ছড়ার দুইপাশের বাঁধ।

এ সময় স্থানীয় কৃষক আয়াত আলী ছড়ার একপাশের জায়গা তার নিজের দাবি করে বলেন, এখান থেকেও মাটি কাটতে চাইছিল, কিন্তু আমার জায়গা থাকায় ছড়ার মধ্যের অংশ থেকে মাটি কেটে নিয়েছে তারা।’

এ বিষয়ে মিরাজ খানকে পাওয়া না গেলেও তার ভাই পতনউষারের ইউপি সদস্য সিরাজ খান বলেন, এলাকাবাসীর দাবিতে ছড়াটি খননের উদ্যোগ নিয়েছিলাম। ছড়ার মাটি বিক্রির অভিযোগটি ‘মিথ্যা।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, বিষয়টি জানা নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।