যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনে দালালের প্রয়োজন নেই

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে দালাল ধরার কোনো প্রয়োজন নেই বলে সতর্ক করেছে ঢাকায় দেশটির দূতাবাস। এক্ষেত্রে আবেদনকারীদের তাদের ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে তারা।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ পরামর্শ দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের কাছে প্রতারণামূলক এন্ট্রি ও এক্সিট স্ট্যাম্প বিক্রির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। গত শুক্রবার দূতাবাসের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনপত্রে এবং সাক্ষাৎকারে দেওয়া তথ্য-উপাত্তের দায় আবেদনকারীর উল্লেখ করে এতে বলা হয়, ‘সম্ভাব্য ভিসা আবেদনকারীদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যুক্তরাষ্ট্রের দেওয়া নির্দেশিকা ভালোভাবে পড়া। যেকোনো সহায়ক ডকুমেন্টসসহ সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকুন এবং ভিসা প্রক্রিয়া ও সাক্ষাৎকারের সময় প্রকৃত ও সত্য উত্তর দিন।’

দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার জন্য দালাল ধরার প্রয়োজন নেই। ভিসা আবেদনকারীদের অনলাইনে তাদের নিজস্ব আবেদনগুলো পূর্ণ করতে উৎসাহিত করা হয়। কারণ একটি আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।’

ওই বার্তায় আরও বলা হয়, ‘আমরা আবেদনকারীদের সতর্ক করছি যে মিথ্যা তথ্য ও নথি উপস্থাপনের ফলে শুধু ভিসা প্রত্যাখ্যানই হতে পারে না; বরং এটি একটি অযোগ্যতার কারণও হতে পারেÑ যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা হতে পারে।’