মাগুরায় যুবলীগের ‘আওয়ামী মিত্র’ অ্যাপস উদ্বোধন

সুস্থ ধারার রাজনীতিতে সহায়ক ও গুজব, অপপ্রচার প্রতিরোধক অ্যাপস ‘আওয়ামী মিত্র’র উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। গতকাল রবিবার সকালে মাগুরার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট মাগুরা, স্মার্ট যুব শক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এর উদ্বোধন করা হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ আহাদ, সাকিব হাসান তুহিন, আশরাফ খান, আইটি প্রকৌশলী সোহেল রানা, প্রকৌশলী কাজী সোহাগ হোসেন, প্রকৌশলী শামীম আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

অ্যাপসটির উদ্ভাবক আইটি প্রকৌশলী কাজী সোহাগ হোসেন জানান, অ্যাপসটি দলীয় কার্যক্রম প্রচারের পাশাপাশি আওয়ামী লীগ ও দেশবিরোধী অপপ্রচার স্বয়ংক্রিয়ভাবে প্রতিহত করে প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরবে। দেশবিরোধী গুজব, বিভ্রান্তি প্রতিরোধসহ বিভিন্ন ইতিহাস তুলে ধরতে সহায়ক হবে এটি। আওয়ামী মিত্র অ্যাপসটি পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় যুবলীগের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।