লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলায় নিহত অন্তত ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাতে মোনটেরি পার্ক এলাকায় চীনা চান্দ্র নববর্ষের অনুষ্ঠানে গোলাগুলির এ ঘটনা ঘটে। এতে আরও ১৬ জন আহত হয়েছেন। 

স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, একজন পুরুষ এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কেন তিনি এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর সন্দেহভাজন ওই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।

আক্রান্ত এলাকাটিতে এশিয়ান সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। ধারণা করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলের পাশে দোকান চালান সেং ওন চোই নামে এক ব্যক্তি। তিনি লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, ‘তিনজন তার দোকানে দৌড়ে আসে এবং দ্রুত দোকান বন্ধ করতে বলে জানায়, কেউ একজন আধা স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে। ওই হামলাকারীর কাছে অসংখ্য গুলি রয়েছে। যখনই তার গুলি শেষ হয়ে যাচ্ছে, তখনই সে পুনরায় মেশিনগান লোড করে গুলি চালাচ্ছে।’