ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের পরদিন সাইমন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল সোমবার উপজেলার জিনোদপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সাইমন উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ইলেকট্রিশিয়ান ফেরদৌস মিয়ার ছেলে। তারা পাশের ইউনিয়নের জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইমন গত রবিবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খুঁজেও তার সন্ধান পাননি। অবশেষে সোমবার সকালে শিশুকে মৃত অবস্থায় বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে।