আট থেকে দশ লাখ টাকা কমে বাংলাদেশেই মিলবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্দাইয়ের ‘ক্রেটা’ মডেলের নতুন গাড়ি। এতে ১ হাজার ৫০০ সিসির এই এসইউভি ধরনের গাড়িটির মোট দাম পড়বে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার গাড়িটির উদ্বোধন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হুন্দাই থ্রিএস সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে হুন্দাইয়ের এ দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি লিমিটেড। এ সময় গাড়িটির বাজারজাতকরণ ও দাম সম্পর্কে জানান প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মুতাসসিম দায়ান।
ক্রেটা ব্র্যান্ডের নতুন গাড়িটির দাম ৩৪ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু হবে। এ ক্ষেত্রে একই ধরনের আমদানি করা গাড়ির তুলনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা কম দামে গাড়িটি কিনতে পারবেন গ্রাহকরা। এ ছাড়া হুন্দাইয়ের ক্রেটা গাড়ির ক্ষেত্রে ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটার মাইলেজের মধ্যে কেউ তার গাড়িটি বিক্রি করতে চাইলে কেনা দামের ৬০ শতাংশ মূল্যে তিনি সেটি বিক্রি করতে পারবেন।