ভোলা নর্থ-২ গ্যাসকূপ

৭২ ঘণ্টা পর জানা যাবে কতটুকু গ্যাস মজুদ আছে

ভোলা নর্থ-২ গ্যাসকূপের খনন শেষে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। গত সোমবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে নতুন কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ¦ালন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাপেক্সের প্রধান প্রকৌশলী মো. আলী।

প্রধান প্রকৌশলী জানান, ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ¦ালন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তবে আগামী ৭২ ঘণ্টার পর আমরা নিশ্চিত হতে পারব এ কূপে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। এ কূপটি হচ্ছে ভোলা সদর উপজেলার দ্বিতীয় কূপ এবং জেলায় অষ্টম।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গাজপ্রম। ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে এ কূপে খননকাজ শুরু হয়। পর্যায়ক্রমে মাটির ৩ হাজার ৫২৮ মিটার গভীরতায় খননকাজ শেষ হয়। এ পর্যন্ত দ্বীপজেলায় মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৫ টিসিএফ ঘনফুট গ্যাস।

১৯৯৪-৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে প্রথম গ্যাস আবিষ্কার হয়। পর্যায়ক্রমে সেখানে পাঁচটি ও জেলার আরও তিনটি স্পটে কূপ খনন করে বাপেক্স। চলতি বছর জুলাইয়ে আরও একটি কূপ খনন করবে সংস্থাটি। এ ছাড়া ভোলা জেলার চরফ্যাশন থেকে নিঝুম দ্বীপ পর্যন্ত ১২ এলাকায় গ্যাসের সম্ভাব্যতা যাচাই করতে ভূকম্পন বা সিসমিক জরিপ করবে বাপেক্স।