পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি : কাদের

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি ভুয়া। তাদের কথা লোকে আর বিশ^াস করে না। রাজনীতির মাঠে খেলার সূচনা হয়েছে। এ খেলা পুরোদমে শুরু হলে বিএনপি গণজোয়ারে হারিয়ে যাবে।’

গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন নেতাকর্মীরা আছে, জনগণ নাই। এখন জনগণের কথা নাই। জনগণ ভালো আছে, বিএনপির মন খারাপ।’

বিএনপির আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘হায়রে আন্দোলন! যত নেতা বাড়ে, যত জোট বাড়ে, বাড়তে বাড়তে ৫৪। জোয়ার যেটুকু ছিল, ঢেউ এসেছিল কিছু, সেই ঢেউ আর জোয়ার এখন ভাটায় নেমে গেছে। আন্দোলন, গণ-অভ্যুত্থান, সরকার পতন, জোট গঠন ভুয়া। সব ভুয়া মিলে, ভুয়া।’

তিনি বলেন, ‘আমাদের জলিল ভাইয়ের (আবদুল জলিল) ট্রাম্পকার্ড দেখেছিলাম। ৩০ এপ্রিল (২০০৪)। ফখরুল মনে করেছিলেন, তিনি একটা লাল কার্ড দেখাইয়া দেবেন। আমাদের জলিল সাহেবের ট্রাম্পকার্ডের পরিণতি কী, আমরাও জানি। তখন আপনাদের আমল। ট্রাম্পকার্ডের পরে লালকার্ড। ফলাফল শূন্য। ভুয়া। লালকার্ড, সরকারের পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার...সবই ভুয়া। এরা ভুয়া নিয়েই আছে।’

‘দেশে একদলীয় বাকশাল শাসন চলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বাকশালটা কী ব্যাখ্যা করেন। বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়। বাকশাল হচ্ছে জাতীয় দল। সব দলকে নিয়ে, সব মতকে নিয়েই বাকশাল।’

গণ-অভ্যুত্থানের ডাক দিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘এই ভূখন্ডে গণ-অভ্যুত্থান একটিই হয়েছিল। সেটা ঊনসত্তর সালে। নব্বইয়ের আন্দোলনকে আমি বলব গণ-আন্দোলন। ওটাও গণ-অভ্যুত্থান ছিল না। এরশাদের শিকড় ছিল অত্যন্ত দুর্বল, সেই জন্য গণ-আন্দোলনেই ভীত হয়ে পদত্যাগ করেছিলেন।’

আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি আবারও ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে এ নির্বাচনে তারা হেরে যাবে। জঙ্গিবাদ, খুন, অত্যাচারসহ সন্ত্রাসী কর্মকা- ছিল বিএনপির। তাই জনবিচ্ছিন্ন কাজের জন্যই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।