এটা শুধু মর্যাদার লড়াই নয়

সব হিসাব ছাড়িয়ে আবাহনী-মোহামেডান সবসময় হয়ে দাঁড়ায় মর্যাদার লড়াই। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে থাকায় মোহামেডানকে আজ হারানোটা বড্ড জরুরি আবাহনীর জন্য। লিগের ছয় ম্যাচেই শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে আবাহনীর ব্যবধানটা ছয় পয়েন্টের হয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট। অন্যদিকে মোহামেডানের কাছেও স্রেফ মর্যাদার ম্যাচ নয় এটা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে স্বাগতিকরা খেলতে নামার আগে আছে খানিকটা বেকায়দায়। ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। চিরবৈরীদের হারানো মানে পয়েন্ট টেবিলে বেশ খানিকটা এগিয়ে যাওয়া।

 ফর্টিজ ফুটবল ক্লাবের সঙ্গে ১-১ ড্রয়ে লিগ শুরু করেছিল আবাহনী। পরের দুই ম্যাচে রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধাকে হারায় দলটি। তবে চতুর্থ ম্যাচে পুলিশের কাছে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট খোয়াতে হয় আকাশি-হলুদদের। চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে হারানোর পর আবারও শেখ রাসেলের কাছে পয়েন্ট খোয়াতে হয় আবাহনীকে। তবে আবাহনীর জন্য স্বস্তি নিয়ে উপস্থিত হয়েছেন এলিটা কিংসলে ও দানিয়েল কলিনদ্রেস। বসুন্ধরা থেকে এসে কিংসলে এর মধ্যেই আবাহনীর হয়ে করেছেন চার গোল। কোস্টারিকান তারকা কলিনদ্রেসের পা থেকে এসেছে তিন গোল। এ ছাড়া ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো দলে থাকা মানে বাড়তি অনুপ্রেরণা। দলের পর্তুগিজ কোচ মারিও লেমস তাই আশাবাদী, ‘আমরা সবাই তৈরি। মোহামেডানের বিপক্ষে ম্যাচ জিতে ঢাকায় ফিরতে চাইছি। আশা করছি এর কোনো ব্যতিক্রম হবে না। দলের ফরোয়ার্ডরা গোল পাচ্ছে, এটা ইতিবাচক। তবে আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। সামনের দিকে এগিয়ে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই।’

কুমিল্লা থেকে মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য শুধু মর্যাদার নয়, ঘুরে দাঁড়ানোরও। জিতেই লিগের রেসে ফিরতে চাই। ট্র্যাকেও ফেরা হবে তাতে। পয়েন্ট পাওয়ার বিকল্প নেই এই ম্যাচে। আমাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওদের বিদেশিরা ভালো খেলছে। মোহামেডানেরও ভালো খেলতে হবে। আমাদের জয়ের ক্ষুধা বেশি। তিন পয়েন্টের জন্য খেলব আমরা।’

প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান এখন পর্যন্ত ২৯ বার মুখোমুখি হয়েছে। যেখানে আবাহনীর জয়জয়কার। তারা জিতেছে ১৪ ম্যাচ। ড্র হয়েছে ১০টি। মোহামেডান জিতেছে ৫ ম্যাচ।