সারা বছর প্রতিদিনই কর্মসূচি থাকবে আ.লীগের : কাদের

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই দাবি করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পর্যন্ত রাজপথে, মাঠে আছি, থাকব। আমাদের প্রতিদিন কর্মসূচি আছে। সারা বছর, প্রতিদিনই কর্মসূচি থাকবে আওয়ামী লীগের।

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রাজপথ ছাড়বেন না, শহর ছাড়বেন না, সতর্ক থাকবেন প্রতিদিন।’ তিনি বলেন, ‘বাংলাদেশে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে একমাত্র দল আওয়ামী লীগ। আওয়ামী লীগে নিয়ম অনুযায়ী সব হয়। এর মধ্যে তিনটি জাতীয় সম্মেলন হয়ে গেছে সময়ের আগেই। ফখরুল সাহেব, কবে সেক্রেটারি হয়েছেন মনে আছে? বিএনপির কোনো সম্মেলন হয় না।’ তিনি আরও বলেন, ‘বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা বলে? তাদের ঘরেই তো গণতন্ত্রের চর্চা করে না। তারা দেশে গণতন্ত্র কীভাবে আনবে? তারা বিদেশিদের কাছে নালিশ করে বাংলাদেশে নাকি গণতন্ত্র নেই। তারা নিজেরাই গণতন্ত্রের চর্চা করে না। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখানে শেখ হাসিনা কাউকে নির্বাচন কমিশনের সদস্য করেননি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। তারা সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, নষ্ট রাজনীতির ধারক ও বাহক। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে টিম গঠন করতে হবে। লোক নিয়োগ করতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।