ঢাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি কাল থেকে

১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। আগামীকাল শনিবার রাজধানীর শাহজাদপুর থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। শেষ হবে ১ ফেব্রুয়ারি।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতারা পৃথক পৃথক প্রস্তুতি সভা করেন নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে।

কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ২৮ জানুয়ারি শনিবারের কর্মসূচির পর বিএনপির মহানগর উত্তর শাখা ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদযাত্রা কর্মসূচি পালন করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এ কর্মসূচি দিয়েছে। যুগপতের সঙ্গী অন্য দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা হবে। চাইলে তারাও এ কর্মসূচি পালন করতে পারবে।’

মির্জা ফখরুল বলেন, ‘১০ দফা দাবি আদায়ের আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এ আন্দোলনে আমাদের ১৭ জনের অধিক নেতাকর্মী রাজপথে শহীদ হয়েছে। এ অনির্বাচিত ফ্যাসিবাদী সরকারের পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছে। এ আন্দোলন বেগবান করার জন্য আমরা এরই মধ্যে নতুন করে কর্মসূচি শুরু করেছি।’