ইসরায়েলি বাহিনীর অভিযানে পশ্চিম তীরে নিহত ৯

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে এক নারীসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তারা বলছেন, গতকাল বৃহস্পতিবার জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী এ অভিযান চালায়। এ সময় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডেও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে তারা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর হাতে নয়জন নিহত ছাড়াও অনেকেই আহত হয়েছে। পৃথক আরেক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলুকাইলা অভিযোগ করেন, দখলদার সেনারা জেনিন সরকারি হাসপাতালে হামলা চালায়।

 এ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহামারী বিভাগে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তিনি বলেন, শরণার্থী শিবিরের অবস্থা খুবই জটিল। ইসরায়েলি বাহিনী সেখানে অ্যাম্বুলেন্স  ঢুকতেও বাধা দিচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু বলা হয়েছে, জেনিনে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। আর ইসরায়েলের গণমাধ্যম বলেছে, জঙ্গিদের বড় ধরনের হামলা নস্যাৎ করে দিতে সেনারা ব্যবস্থা নিয়েছে।

বিবিসি বলছে, পশ্চিম তীরে ইসরায়েলের সন্ত্রাসবিরোধী হামলা চালাতে থাকায় সম্প্রতি সেখানে উত্তেজনা বেড়েছে। এ বছর পশ্চিম তীরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত ২৯ ফিলিস্তিনি। এরমধ্যে ফিলিস্তিনি গেরিলা এবং সাধারণ মানুষও আছে। গত বছর নিহত হয়েছিল ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। এর প্রায় সবই মারা যায় ইসরায়েলি বাহিনীর হাতে। আর ইসরায়েলি নাগরিক ও সেনাদের নিশানা করে চালানো ফিলিস্তিনের কয়েকদফা হামলায় নিহত হয়েছিল পুলিশ, সেনা ও সাধারণ মানুষসহ ৩০ জনের বেশি।