ভারত যেন এখন ‘পাঠান’ সুনামিতে আক্রান্ত! এমনকি শাহরুখের ‘পাঠান’ ঢেউ আছড়ে পড়েছে ভারতের ভূস্বর্গ কাশ্মীরের বুকেও। কাশ্মীরের প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে ‘হাউজফুল’ বোর্ড। ৩২ বছর পর এমন দৃশ্য দেখা গেছে সেখানে। আগে থেকে কিং খানের এই অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে কাশ্মীরবাসীদের মধ্যে উত্তেজনা প্রবল ছিল। আর তার প্রতিফলন ধরা পড়ল বক্স অফিসে। ‘পাঠান’-এর কারণে কাশ্মীরের সিনেমা হল মালিকদের সুখের দিন ফিরেছে বলা যায়। তাই সিনেমা হলের মালিকরা দারুণ খুশি। আর তারা শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন। কাশ্মীরের এক থিয়েটারের বাইরে হাউজফুল বোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। আর তার সঙ্গে লেখা হয়েছে, “আজ ‘পাঠান’ সমগ্র দেশকে একসূত্রে বেঁধেছে। আমরা সবাই কিং খানের কাছে কৃতজ্ঞ।’’ এই পোস্টে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, যশরাজ ফিল্মসকে ট্যাগ করা হয়েছে। ২৫ জানুয়ারি ‘পাঠান’ বড় পর্দায় মুক্তি পেয়েছে। মাত্র দুই দিনের মধ্যে এর আয় ১০০ কোটি পার করে ফেলেছে। মুক্তির প্রথম দিন ছবিটি ৫৭ কোটির মতো ব্যবসা করেছিল। ‘পাঠান’ মুক্তির দ্বিতীয় দিন ২৬ জানুয়ারির ছুটির পুরোপুরি ফায়দা উঠিয়েছে। জানা গেছে, এদিন ৫৯ দশমিক ৫০ কোটি আয় করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। সব মিলিয়ে এই ছবির কালেকশন ১২৬ দশমিক ৫০ কোটি হয়েছে। চার বছর পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিল বলিউড দুনিয়া।