হাতি, ঘোড়া ও নানা ধরনের বাদ্যযন্ত্র ও গাড়ির বহরে মহা শোভাযাত্রার মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার শ্রীগুরু সংঘের আয়োজনে বেলা ৩টার দিকে বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এদিন প্রথম দিবসে বর্ণাঢ্য মহা শোভাযাত্রায় বাঁশখালীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সংগঠনের সদস্যরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। পূর্ণকুম্ভের অনুসরণে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত এ ঋষিকুম্ভ মেলা ১৯৫৭ সাল থেকে হয়ে আসছে। কুম্ভমেলাকে ঘিরে বাংলাদেশ, ভারত তথা উপমহাদেশের কয়েক লক্ষাধিক সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীরা উপস্থিত হয়ে এখানে ধর্মীয় কার্যাদি সম্পাদন করেন। প্রতি তিন বছর পরপর বাঁশখালীর ঋষিধামে এ ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হওয়ায় এ স্থানটি সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত। উদ্বোধনের আগে এক সমাবেশে কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।