গত শুক্রবার ছিল জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের নতুন চমক দিলেন এই তারকা। এদিন মা, স্ত্রী ও পুত্রসহ এক বর্ণিল অনুষ্ঠানে হাজির হয়ে কেক কেটে ঘোষণা করলেন তার নতুন সিনেমার নাম। জানালেন, নিজের প্রিয় গান ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ সিনেমায় প্লেব্যাক সম্রাট প্রয়াত এন্ড্রু কিশোরের গাওয়া বিখ্যাত গান ‘তুমি যেখানে আমি সেখানে সেকি জানোনা/ একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না...’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের সিনেমাটি বানাতে চলেছেন তিনি। রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সিনেমার নাম উন্মোচন করেন দেবাশীষ বিশ্বাস। সেখানে তিনি জানান, ছবিটি নির্মাণ হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এর প্রযোজনা করবেন সালমান চৌধুরী, সহ-প্রযোজনায় আছেন নীলা চৌধুরী ও নাসিম চৌধুরী। মে মাসে শুরু হবে ছবিটির শ্যুটিং। এখন আব্দুল্লাহ জহির বাবু এর চিত্রনাট্য তৈরির কাজ করছেন। তবে ছবির প্রধান পাত্র-পাত্রীর নাম জানাননি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’খ্যাত এই নির্মাতা। তিনি বলেন, ‘খানিকটা ব্যতিক্রমী আমেজ আনতেই এই আয়োজন। সাধারণত ছবির নায়ক-নায়িকা সঙ্গে নিয়ে ছবির নাম ঘোষণা আসে। কিন্তু আমি আগে নাম ঘোষণা করলাম। নায়ক ও নায়িকা পরে চূড়ান্ত করে জানাব।’
নন্দিত চলচ্চিত্র নির্মাতা দিলীপ বিশ্বাসের পুত্র দেবাশীষ জানান, তার ছবির প্রধান নায়ক-নায়িকা বা আকর্ষণ এর গল্প। বরাবরের মতো এবারেও তিনি ছবিটি তৈরি করবেন রোমান্টিক কমেডি। তিনি মনে করেন, কমেডি ঘরানার ছবি নির্মাণে তার আলাদা স্বাতন্ত্র্য রয়েছে এবং এখানে তার বিশেষ আগ্রহও আছে। তাই ক্যারিয়ারের শুরু থেকেই কমেডি ধাঁচের গল্পে সিনেমা করেন তিনি। সঙ্গে থাকে রোমান্স ও পারিবারিক নাটকীয়তা। ছবির নায়ক-নায়িকা ছাড়া অন্যান্য চরিত্রের শিল্পী চূড়ান্ত করেছেন দেবাশীষ বিশ্বাস। এতে অভিনয় করবেন মিশা সওদাগর, রেবেকা, আফজাল শরিফ, কাবিলাসহ আরও অনেকে। ছবিতে মেকাপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ।