ফল দিচ্ছে না সাধনের সাধনা

অন্নচিন্তা বড় চিন্তা। তা মাসকাবারি আমজনতা হোক আর মহাপরাক্রমশালী সরকারই হোক। চালের চিন্তায় সবারই কপালে ভাঁজ পড়ে। গরিবের মোটা চাল হোক আর বিয়েবাড়ির সুগন্ধি চাল কোনো চালেরই দাম স্থির ছিল না গত বছরগুলোয়। আটার দামের দমও ধরা যায়নি। সাধনা করেও চাল-আটার চালচিত্র বুঝতে পারেননি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুঝতে পারেননি বলেই একের পর এক উদ্যোগ। দেশের ঘুপচিঘর মাড়িয়ে ঘুরে বেড়িয়েছেন বিদেশের আলিশান বাজারও। তাতেও স্বস্তি মেলেনি। চালের দর নিয়ে চার বছর চিন্তায় ছিলেন। এখন মহাচিন্তায়। নির্বাচনী বছরটা অন্তত স্বস্তিতে রাখতে চান ভোটারকে, দলীয় নেতাদেরও।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে নিরাপদ খাদ্যের নিশ্চয়তার কথা বলা হয়েছিল। পুষ্টিমানসম্পন্ন খাদ্যের জোগান দেওয়া ছিল ইশতেহারের অন্যতম লক্ষ্য। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সফল ধারা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। এর কোনোটাই হয়নি। স্বয়ংসম্পূর্ণতার কথা একদিকে বলা হয়েছে অন্যদিকে আতপ আর সিদ্ধ চালের জন্য মন্ত্রী সচিব হন্যে হয়ে ছুটেছেন থাইল্যান্ড, ভিয়েতনাম আর কম্বোডিয়ায়। হাত বাড়িয়েছেন প্রতিবেশী মিয়ানমার ও ভারতে। রাশিয়া থেকে গম আনতে সর্বোচ্চ পর্যায়ের লবিং লেগেছে।

গত ৭ জানুয়ারি ছিল বর্তমান সরকারের চার বছর পূর্ণতার দিন। সচিবালয়ে দপ্তরে বসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজে নিজে চার বছরের হিসাব মেলাচ্ছিলেন। এ হিসাব মেলানোর মধ্যেই দেশ রূপান্তরের প্রতিবেদক হাজির হন তার সামনে। প্রতিবেদকও জানতে চান কেমন করলেন চার বছর, সময় তো শেষ হয়ে আসছে। নির্বাচন হাতছানি দিচ্ছে।

পৌষের সূর্য তেরছাভাবে দক্ষিণ দিকে হেলে খাদ্যমন্ত্রীর রুমে আরামের উত্তাপ ছড়াচ্ছিল। সূর্যের উত্তাপ আর চাদরের ওমে মন্ত্রী আরামেই ছিলেন। নির্বাচনের কথা শুনে চাদরের ওম আর আরামদায়ক হয়নি মন্ত্রীর কাছে। চাদরখানা সরিয়ে চেয়ারের হাতলে রাখার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছিল মূল্যায়নের জেরার মধ্যে পড়ার প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রী।

প্রসন্নমুখে মন্ত্রী বললেন, ‘বলুন কী শুনতে চান।’ চার বছর কেমন কাটল দেশ রূপান্তরের প্রশ্ন। সেটা তো গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে শুনতে চাই, মন্ত্রীর জবাব।

মন্ত্রী হিসেবে আপনার নিজস্ব মূল্যায়ন কী? জবাবে তিনি তার চেষ্টার কথা জানান। মন্ত্রীর মতে, যখন বাজারদর চড়ে গেছে তখনই তা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বাজার থেকে সংগ্রহ করে বা বিদেশ থেকে আমদানি করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়েছে। যখন বেশি সংকট দেখা দেয় তখন বেসরকারি উদ্যোগে চাল আমদানি উন্মুক্ত করা হয়। খোলাবাজারে চাল-আটা বিক্রি করে (ওএমএস) নিম্ন আয়ের মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টাও ছিল। অতিদরিদ্র ৫০ লাখ পরিবারের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে।

কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির চাল-আটা কালোবাজারে বিক্রি হয়েছে। বিশেষ করে মহামারীর সময় যখন ক্ষমতাসীন দলের তৃণমূলের নেতাদের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর কথা তখন কিছু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার সরকারের চাল কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অভিযোগ উঠেছে সত্য, কিন্তু সরকারও ব্যবস্থা নিয়েছে। এর দায় শুধু খাদ্য অধিদপ্তরের নয়, ব্যবসায়ীরাও এর জন্য দায়ী।’

দেশ রূপান্তরের প্রতিনিধি জানতে চান, গত চার বছরই বাম্পার ফলন হয়েছে। এ সময়ে চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে হটিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। তারপরও চার বছরের কোনো সময়ই বাজার স্বস্তিদায়ক ছিল না। প্রতিটি আমন ও বোরোর ভরা মৌসুমে বাজারে চালের দাম বেশি ছিল। এ অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অন্যান্য নিত্যপণ্য বাজারের তুলনায় চালের বাজার যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। বলা হয়েছিল, করোনাকালে দুই লাখ লোক না খেয়ে মারা যাবে, জাতিসংঘসহ আন্তর্জাতিক অনেক সংস্থা বলেছিল দুর্ভিক্ষ হবে। তা কিন্তু হয়নি। চালের বাজার বিভিন্ন পলিসি দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে মনিটরিং করা হয়েছে। কৃষকের ন্যায্যমূল্য দিয়ে ঠিকমতোই এ সেক্টর চলেছে বলে মনে করেন খাদ্যমন্ত্রী।

চালের বাজার নিয়ন্ত্রণ করা কি এককভাবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব জানতে চাইলে মন্ত্রী না-সূচক জবাব দেন। চাহিদা ও জোগান খাদ্য মন্ত্রণালয়কে দেখতে হয়। কীভাবে বাজারটাকে নিয়ন্ত্রণে রাখা যায় সবকিছু মিলেই সাফল্যের সঙ্গে কাজটি করার দাবি মন্ত্রীর।

সাধারণ মানুষের ধারণা এমনকি কিছু মিডিয়া রিপোর্টও করেছে যে, আপনি একসময় চাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মন্ত্রীর নিজের চাল ব্যবসার অভিজ্ঞতা থাকায় চালের বাজার নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে সাধারণের প্রত্যাশা ছিল। এ প্রত্যাশা কি আপনি মেটাতে পেরেছেন জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি ধান-চালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। ১৯৭৩-৭৪-এর সংকটকালে দুই বছর সরকারের এজেন্ট ছিলাম। তখন সরকার বড় বড় জোতদারের ওপর লেভি ধার্য করেছিল। কর্মকর্তারা গিয়ে অর্ডার করে আসত নির্দিষ্ট পরিমাণ ধান সরকারি গুদামে দেওয়ার। আমি ওই ধানটাই সংগ্রহ করে সরকারের গুদামে দিয়ে আসতাম। এর বেশি কিছু ছিল না। আমি কখনই চাল ব্যবসায়ী ছিলাম না।’

আপনি গত চার বছরে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। মিলাররা কতটুকু মজুদ করতে পারবে তা নির্দিষ্ট করে আইনের খসড়া করেছেন। যেখানে বলা হয়েছে, জাত না থাকার পরও মিলাররা মিনিকেট উল্লেখ করলেই শাস্তি পেতে হবে। খসড়া করলেও সরকার তা বাস্তবায়ন করতে পারছে না। অনেকে ধারণা করছেন বড় বড় করপোরেট প্রতিষ্ঠান চালের ব্যবসায় নেমে পড়ার কারণে আইনের খসড়াটি আটকে গেছে। খসড়া আইনটি বাস্তবায়ন করতে সমস্যা কোথায় এ প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, খসড়া আইনটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। তাদের কাছ থেকে এলেই মন্ত্রিসভায় তোলা হবে।

সরকার যে পরিমাণ চাল কেনে তা মোট চাহিদার মাত্র ৩ থেকে ৪ শতাংশ। এ পরিমাণ চাল কিনে বা আমদানি করে পুরো চালের বাজারের ওপর নিয়ন্ত্রণ কি আদৌ সম্ভব এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয়ভাবে চাল কিনে রেশন এবং সামাজিক নিরাপত্তা বলয়ের বিভিন্ন কর্মসূচিতে দেওয়া হয়। এসব কর্মসূচিতে যেটুকু দরকার ওটুকুই সরকার কেনে। বাজারে চালের দর যদি আকস্মিকভাবে বেড়ে যায় বা হঠাৎ কমে গিয়ে উৎপাদন খরচ তোলাটাই কষ্টকর হয়ে যায় তখন সরকারের এ কেনাকাটাটুকুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আপনি কি সফল দেশ রূপান্তরের এ প্রশ্নে হ্যাঁ-সূচক জাবাব দেন মন্ত্রী।

আপনি দাবি করছেন আপনি সফল। অথচ ২০২১ সলে চালের কেজিপ্রতি দর ছিল ৪৮ টাকা। এক বছরের মাথায় সেটা ৫৮ টাকা হয়ে গেছে। তাহলে সফল হলেন কী করে। জবাবে মন্ত্রী বলেন, তখন বেসরকারি আমদানির ওপর কোনো ট্যাক্স ছিল না। এ সুযোগে বেসরকারিভাবে অনেক চাল এসেছিল। কৃষক ন্যায্য দাম পেত না। এর প্রতিবাদে কৃষক ধানের ক্ষেতে আগুন দিয়েছিল। সেই অবস্থায় আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগের ওই অবস্থা থাকলে দেশে হাহাকার পড়ে যেত চালের জন্য। ন্যায্য দাম না পেয়ে কৃষক অন্য আবাদে চলে যাচ্ছে। অনেক জমি পতিত পড়ে থাকত। একটা কূলকে বাঁচাতে গিয়ে আরেকটাকে ধ্বংস করা যাবে না। ১০ টাকা দাম বেড়েছে শুধু এটা চিন্তা না করে ভোক্তার কেনার ক্ষমতাও বেড়েছে সেটাও চিন্তা করতে হবে। পণ্যের দাম বৈশি^কভাবে বেড়েছে। শুধু আমাদের এখানেই বাড়েনি। নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয়, সে জন্যই তো ওএমএস চালু করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

গত চার বছরের প্রায় পুরোটা সময় জুড়েই খাদ্য অধিদপ্তরের জনবল সংকট ছিল। আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেও সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেননি। জবাবে মন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগ শেষ হয়ে যাবে বলে আশা করি। এ নিয়োগ শেষ হলে আরও দেড় হাজার পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে। সেই প্রক্রিয়াও আমরা এগিয়ে নিচ্ছি।

আপনি দায়িত্ব নেওয়ার পর সারা দেশে প্রতিটি পাঁচ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন ২০০টি পেডিসাইলো (ধানের গুদাম) নির্মাণ করার কথা বলেছিলেন। গত চার বছরে একটি গুদামও নির্মাণ করতে পারলেন না কেন? এ ব্যর্থতার জন্য কি আমলাতান্ত্রিক জটিলতা দায়ী নাকি কারও অদক্ষতা দায়ী এর সরাসরি জবাব না দিয়ে মন্ত্রী বলেন, প্রকল্প পাস হয়েছে। পেডিসাইলো নির্মাণের জন্য কনসালট্যান্ট নিয়োগ হয়ে গেছে। আপাতত ৩০টি গুদাম হবে।

এসব গুদামের জনবলের জন্য কত বছর বসে থাকতে হবে খাদ্য অধিদপ্তরকে, এই প্রশ্নে মন্ত্রী বলেন, বসে থাকতে হবে না। নিয়োগের প্রক্রিয়াও আমরা শুরু করে দিয়েছি। পেডিসাইলোগুলো উদ্বোধনের দিন থেকেই জনবল থাকবে।

একজন আমদানিকারক জানিয়েছেন, গত চার বছর চাল ও খোলা আটার বাজার অস্থির ছিল। সেই অস্থিরতা নির্বাচনী বছরে যেন না থাকে সেই চেষ্টা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে। ওই আমদানিকারক আরও জানিয়েছেন, সরকারের আয় কমেছে। এ কারণে খাদ্যে ভর্তুকিতেও টান পড়েছে। গরিবের ১০ টাকা কেজির চাল ১৫ টাকা হয়েছে। আটায় কেজিতে ৬ টাকা বেড়েছে। সবকিছু মিলে মন্ত্রী সাধন সাধনা করলেও সাধারণ মানুষ চাল-আটার বাজারে পিষ্ট হয়েছেন।