২০০ মিটারেও শ্রেষ্ঠত্ব ইমরান-শিরিনের

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ এএম

কোকো জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে আজ রেকর্ড গড়েছেন স্প্রিন্টার শিরিন আক্তার। নারী ২০০ মিটারের দৌড়ে ২৪.৩৫ সেকেন্ডে শেষ করেন শিরিন। ২০২৪ সালের নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। সেবার ২৪.৬৮ সেকেন্ড সময় নিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট।

শিরিন প্রতিযোগিদের চেয়ে এতটাই এগিয়ে ছিলেন যে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুনের চেয়ে ১.২৪ সেকেন্ড এগিয়ে ছিলেন। শরীফা নিজের দৌড় শেষ করেন ২৫.১১ সেকেন্ডে। ২০০ মিটার নারীদের স্প্রিন্টে ২৫.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আরেক অ্যাথলেট মোসাম্মত বর্ষা খাতুন।

পুরুষদের ইভেন্ট ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জেতেন ইমরানুর রহমান। তিনি সময় নিয়েছেন ২১.১৮ সেকেন্ড। একটুর জন্য ১৯৯৯ সালের মাহবুব আলমের ২১.১৫ সেকেন্ডের রেকর্ডটি ভাঙা হলো না ইমরানুরের। যদিও এ নিয়ে তার আক্ষেপ নেই, কারণ ইমরানুর মূলত ১০০ মিটার স্প্রিন্টের স্পেশালিস্ট। আসন্ন সাফ গেমসের আগে প্রস্তুতির জন্যই তিনি ২০০ মিটারে দৌড়েছেন। তিনিই জানান এর আগে গত বছরের আগস্টে সামার অ্যাথলেটিক্সে ২০০ মিটারে দৌড়েছেন। রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার। আর ২১.৭৭ সেকেন্ডে দৌড়ে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ব্রোঞ্জ মেডেল জেতেন মোহাম্মদ রাকিবুল হাসান।

১০০, ২০০ মিটারের ৪ গুণিতক ১০০ মিটির রিলেতে সোনা জিতে আসরের সেরা অ্যাথলেটের পুরস্কার জিতেছেন ইমরানুর। এ ছাড়া মহিলা অ্যাথলেটদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে নৌবাহিনী প্রিয়া আক্তার। তিনি ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়ে সোনা জেতেন। এর মধ্যে ১৫০০ ও ৩০০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েন প্রিয়া।

এদিকে সেনাবাহিনীর শ্রেষ্ঠতে ৯টি নতুন জাতীয় রেকর্ড গড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ২১ স্বর্ণ, ২০ রৌপ্য ও ১৯ ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক জিতে সেরা হয় সেনাবাহিনী। ১৮ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১০ ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ নৌবাহিনী এবং ১ স্বর্ণ ও ৩ ব্রোঞ্জসহ মোট ৪টি পদক জিতে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে বিকেএসপি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত