হামজা-ফারহানকে ভুটানের বিপক্ষে পাবে না বাংলাদেশ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ এএম

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। হামজা চৌধুরীর না থাকার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হয়েছে ফারহান আলীর নামও। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না এই দুই প্রবাসী ফুটবলার।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে গতকাল। আজ থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মাঠের অনুশীলন। তার আগে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা ও ফারহানের প্রথম ম্যাচে না থাকার বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের কোচ টমাস ডুলি। তবে আশার কথাও শুনিয়েছেন বাংলাদেশ কোচ। হামজা ও ফারহান ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের পাওয়ার আশা করছেন ডুলি।

কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই কেন তাদের পাওয়া যাচ্ছে না? সমস্যাটা মূলত ক্লাব থেকে খেলোয়াড় ছাড়ার সময় নিয়ে। ডুলি বলেছেন, ‘যে খেলোয়াড় আপনার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাকে আপনি ছাড়তে চাইবেন না। এমনকি ক্লাব তাকে ছাড়তে বাধ্যও নয়। তারা বলতে পারে, খেলোয়াড় আমাদের সঙ্গেই থাকবে। যখন ছাড়তে হবে, তখনই ছাড়বে।’ শুধু হামজা কিংবা ফারহান নন, আরও কয়েকজন প্রবাসী ফুটবলারকে নিয়েও অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশ কোচকে। সাফের প্রস্তুতির জন্য ঘোষিত ৩০ সদস্যের দলের মাত্র ২১ জন আজ ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রবাসী ফুটবলারদের অনেকেরই ৩ নভেম্বরের মধ্যে ঢাকায় আসার কথা।

সর্বশেষ সর্বাধিক পঠিত