আন্দোলন করে হলে উঠে ছাত্রীরা পেল চৌকি

তারিখ দিয়েও দফায় দফায় পেছানোর পর অবশেষে আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের জন্য তৈরি হলে শিক্ষার্থী ওঠানো শুরু হয়েছে। আসন বরাদ্দসহ চার দফা দাবিতে গত শুক্রবার রাতভর বিক্ষোভ করার পর গতকাল শনিবার নতুন ওই আবাসিক হলটিতে আসন পেয়েছেন জরাজীর্ণ ফজিলাতুন্নেছা হলের ছাত্রীরা। এ ছাড়া কয়েকদিনের মধ্যেই ছাত্রদের আরেকটি হল চালু করা হবে বলে জানা গেছে। তবে এসব হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়নি। শুধুমাত্র মাথাপিছু একটি করে চৌকি এবং পানি ও বিদ্যুৎ সুবিধা দিয়ে শিক্ষার্থী ওঠানো হচ্ছে। অথচ ২০১৮ সালে এই হলগুলোর নির্মাণকাজ উদ্বোধনের সময় বলা হয়েছিল, ২০২০ সালের ডিসেম্বরেই কাজ শেষ হবে। জাবিতে বর্তমানে ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের উন্নয়ন প্রকল্প চলছে। যার আওতায় দশ তলার ছয়টি আবাসিক হলসহ ২৪টি স্থাপনা নির্মাণ হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, শুরুর পর আন্দোলনসহ নানা কারণে নির্মাণকাজ ব্যাহত হয়েছে। যে কারণে প্রতিশ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায়নি। তবে এই প্রকল্প ঘিরে দুর্নীতিবিরোধী আন্দোলন শেষে পুরোদমে নির্মাণকাজ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে হল উদ্বোধনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্টরা। যার কোনোটিই বাস্তবায়িত হয়নি। পুরোদমে কাজ শুরু হলে ২০২১ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে হলের নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছিল প্রকল্প কার্যালয়। তখন ৪৯ ও ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের নতুন হলে ওঠানোর ঘোষণা দেওয়া হয়েছিল। নবীন শিক্ষার্থীদের নবনির্মিত হলে আসন দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে গণরুম বিলুপ্ত হবে বলেও আশ্বাস এসেছিল। আর সেই আশ্বাসের বাস্তবায়ন করতে গিয়ে গত বছরের ৯ মার্চ ৫০তম ব্যাচের ক্লাস অনলাইনে শুরু করা হয়েছিল। তবে হলের কাজ শেষ না হওয়ায় ওই বছরের ২৩ মে গণরুমে তুলেই তাদের সশরীরে ক্লাস শুরু করা হয়। এরপর জানতে চাইলে উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. নাসির উদ্দিন গেল বছরের জুনের মধ্যেই নির্মাণকাজ শেষ করার কথা বলেছিলেন। পরে জুন মাসে এসে সে বছরের অক্টোবরে ৬টি হল উদ্বোধন করা যাবে বলে সাংবাদিকদের তিনি জানান। তবে কাজ শেষ করতে না পারায় ছয়টির মধ্যে দুটি হল নভেম্বরের মধ্যে উদ্বোধন করতে পারবেন বলে জানিয়েছিলেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

হল উদ্বোধন করতে না পারায় ইতিমধ্যে কয়েক দফায় নতুন শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ) ক্লাস শুরুর সময়সূচি পিছিয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ জানুয়ারি শুরু হতে যাওয়া ৫১তম ব্যাচের ক্লাস শুরুর আগেই ছাত্র ও ছাত্রীদের জন্য একটি করে হল চালুর ঘোষণা বাস্তবায়ন করছে প্রশাসন। তারই অংশ হিসেবে গতকাল ছাত্রীদের নতুন হলটিতে শিক্ষার্থী উঠানো হয়েছে।

তবে দীর্ঘ আশ্বাসের পরেও আবাসিক হল দুটিতে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত করা হয়নি। হলের মধ্যে খাবারের ব্যবস্থা নেই। প্রত্যেককে একটি চৌকি দেওয়া হয়েছে। পানি এবং বিদ্যুৎ সংযোগ আছে। তবে নেই গ্যাস সংযোগ। প্রত্যেক তলায় গ্যাসের চুলা থাকার কথা থাকলেও নেই। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে উন্নতমানের চেয়ার, শেলফসহ টেবিল ও লকার থাকার কথা। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও দেওয়া হয়নি। কমনরুম, ব্যায়ামাগার এবং গ্রন্থাগারও প্রস্তুত হয়নি। পুরোদমে চালু হয়নি লিফট।

লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাদিকা আফরিন প্রীতিলতা হলের গণরুম থেকে নতুন হলে উঠেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দশতলা ভবনে অনেক সময় সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আবার যেসব সুবিধার কথা বলা হয়েছে, তা নেই।’

এসব সীমাবদ্ধতা নিয়ে হল চালুর ব্যাপারে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘হলের সুযোগ-সুবিধা নিয়ে আমরা দ্রুতই আলোচনায় বসব। অসুবিধা দূর করতে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে, সেগুলো শিগগিরই বাস্তবায়ন করা হবে। লিফট হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পুরোদমে চলবে। চেয়ার-টেবিলের জন্য আমাদের নতুন করে টেন্ডার দিতে হবে। প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীরা পাঁচ মাসের মধ্যে চেয়ার, টেবিল ও লকার পাবে বলে আশা করছি।’