যুবকের বুকে রড ঢুকিয়ে নির্যাতন

মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকায় মোহাম্মদী ভূঁইয়া (৩০) নামে এক যুবকের বুকে রড ঢুকিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোহাম্মদী ভূঁইয়া সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে।

চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আফছারউদ্দিন ভূঁইয়া জানান, জেলা শহর থেকে মোটরসাইকেলে করে মোহাম্মদী ও তার ছোট ভাই ইকরাম ভূঁইয়া নিজ বাড়ি চরমুশুরা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে খাসকান্দি এলাকায় দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিকশার কয়েকজন যাত্রী ছোট ভাই ইকরামকে মারধর করতে থাকে। এতে যুবক মোহাম্মদী এগিয়ে গেলে তার বুকে রড দিয়ে আঘাত করে। এতে রড বুকের ভেতর ঢুকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকের ডানপাশে রড দিয়ে আঘাত করা হয়েছে।’

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনসারুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তদের এখনো শনাক্ত করা যায়নি। যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’