ক্রিকেট মাঠের ২২ গজের অন্যতম সাহসী ব্যাটসম্যান ভিভ রিচার্ডস, বলিউডের প্রখ্যাত অভিনেত্রী নীনা গুপ্তার সাহসও কম নয়। সেই আশির দশকের শেষ থেকে ‘আনওয়েড মাদার’ হিসেবে ভারতে মেয়েকে বড় করা কম সাহসের নয়। মেয়ে মাসাবা গুপ্তা বড় হয়ে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার হয়েছেন। নেটফ্লিক্সে তার জীবনীভিত্তিক শো ‘মাসাবা মাসাবা’ দারুণ জনপ্রিয়তা পায়। সেই সুবাদে মাসাবার তারকাখ্যাতি কয়েকগুণ বেড়ে যায়। ডিজাইনার মাসাবা গুপ্তা যে ভিভ আর নীনা গুপ্তার সন্তান সেটা এত দিন জানতে কারও বাকি নেই। এও জানা যে, ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে বিয়ে না করেই মা হয়েছিলেন নীনা। আর সেটা তিনি বলেছেন অকপটে। নতুন খবর হলো ভিভ-নীনার কন্যা মাসাবা গুপ্তা বিয়ে করেছেন। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই। বিয়ের কথা ইনস্টাগ্রামে প্রকাশ করলেও বিয়েটা গোপনেই সেরেছেন মাসাবা। জানা গেছে, গত ২৬ জানুয়ারি অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন তিনি। ২০২০ সাল থেকেই মাসাবা ও সত্যদীপের প্রেম চলছিল। নেটফ্লিক্সের শো ‘মাসাবা মাসাবা’র সেটেই দুজনের পরিচয়, তিন বছর পরে এসে যা গড়াল পরিণতিতে। বিয়ের ছবি শেয়ার করে মাসাবা লিখেছেন, ‘আমার শান্ত সমুদ্রকে বিয়ে করেছি।’ বিয়ের দিন গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন মাসাবা। সত্যদীপ পরেছিলেন গোলাপি রঙের শেরওয়ানি। মাসাবার শেয়ার করা আরেকটি ছবিতে পরিবারের আরও সদস্যদের দেখা গেছে। যেখানে ছিলেন তার বাবা ভিভ রিচার্ডসও। এই ছবি নেট দুনিয়ায় আলোচনা সৃষ্টি করে। মেয়ের বিয়ের জন্যই বহু বছর পর নীনা গুপ্তা আর ভিভ রিচার্ডকে এক ফ্রেমে দেখা গেল। কারণ তিক্ততার মধ্য দিয়েই শেষ হয়েছিল তাদের সম্পর্ক। নীনা অবশ্য এখন বিবেক মেহরার স্ত্রী। এই ছবিতে নীনার সাবেক প্রেমিক ও বর্তমান স্বামীকে দেখা গেছে। এ ছাড়া ছিলেন মাসাবার শাশুড়ি নলিনি ও তার ননদ চিন্ময়া। বিয়ের খবর শেয়ার করার পর আথিয়া শেঠি, আয়ুষ্মান খুরানা, পরিণতি চোপড়াসহ অনেক বলিউড তারকা মাসাবাকে অভিনন্দন জানিয়েছেন। সত্যদীপের সঙ্গে প্রেমের খবর গোপন রাখেননি মাসাবা, নিয়মিতই একসঙ্গে ছবি পোস্ট করতেন। তবে বিয়ের কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি কেউ। সত্যদীপ বলিউডের পরিচিত মুখ। ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘বম্বে ভেলভেট’, ‘বিক্রম বেদা’য় দেখা গেছে তাকে। অভিনয় করেছেন ‘মাসাবা মাসাবা’, ‘তা-ব’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজেও। এটা মাসাবার প্রথম বিয়ে হলেও সত্যদীপ এর আগে বলিউড সুন্দরী অদিতি রাও হায়দারিকে বিয়ে করেছিলেন। অভিনতোর উইকিপিডিয়াতে দেখা যায়, ২০১৩ সালেই অদিতির সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়।